‘মামলা তদন্তের দায়িত্ব পেয়ে সেদিন খুব ভয় হয়েছিল। এত বড় ঘটনার তদন্ত ঠিকমতো করতে পারব তো। মনে মনে ভেবেছিলাম যা করব সততার সঙ্গে করব। চেষ্টা করেছি মামলায় যাতে কোনো ফাঁক না থাকে। সে চেষ্টা সফল হয়েছে। সব আসামির সাজা হয়েছে, এত দিন পর সে রায় কার্যকরও হলো। আমার জীবনে এর চেয়ে বড় ঘটনা আর নেই।’ বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকরের পর এভাবেই নিজের অনুভূতি জানালেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ। প্রথম আলোর সঙ্গে আলাপচারিতায় কাহার আকন্দ বলেন, মামলা তদন্তের পর আসামির সাজাই হলো তদন্তকারীর সার্থকতা। বঙ্গবন্ধু হত্যা মামলা রায়ের ক্ষেত্রে সেটায় হয়েছে। রায় কার্যকরের ফলে সেটা পূর্ণ হয়েছে। তিনি বলেন, মামলা তদন্ত কারও একার কাজ নয়, সবার সহযোগিতা লাগে। তদন্তের ফলাফল ভালো পেতে হলে আন্তরিকভাবে সবাইকে কাজ করতে হয়। বঙ্গবন্ধু হত্যা মামলার ক্ষেত্রে সবাই ছিলেন আন্তরিক। সে কারণে নির্ভুল তদন্ত হয়েছিল। কাহার আকন্দ বলেন, ‘এ মামলা তদন্তের দায়িত্ব পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করেছি। রায় কার্যকরের পর আমার খুব ভালো লেগেছে।’সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহার আকন্দ ২১ আগস্ট গ্রেনেড হামলা ও বিডিআর হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা। বঙ্গবন্ধু হত্যা মামলা তদন্তের সময় তিনি ছিলেন সহকারী পুলিশ সুপার। বিএনপি সরকারের আমলে তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়।