জামায়াতের নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে বগুড়ায় ব্যাপক তাণ্ডব ও নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালানোর ঘটনায় দায়ের হওয়া ৫৭ মামলার তদন্ত শেষ করতে পুলিশের দীর্ঘ দুই বছর সময় লেগেছে। ইতিমধ্যে এসব মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
তবে আদালত এসব অভিযোগপত্র গ্রহণ করবেন কি না, সেই শুনানির অপেক্ষায় রয়েছে বেশির ভাগ মামলা। অভিযোগপত্র গ্রহণ ও শুনানি অনুষ্ঠিত না হওয়ায় এসব মামলার সাক্ষ্য-প্রমাণও শুরু হয়নি।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় না করায় এসব মামলার ভবিষ্যৎ পুরোপুরি সাক্ষীদের ওপর নির্ভর করছে। কিন্তু রাজনৈতিক এসব মামলায় সাক্ষ্যদানে কতটা সাড়া মিলবে, তা নিয়ে সংশয় রয়েছে।
এদিকে নাশকতা মামলার শীর্ষস্থানীয় আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে ফের নতুন করে নাশকতায় জড়িয়ে পড়ছেন বলে পুলিশ ও গোয়েন্দা সদস্যরা জানিয়েছেন। দুই বছর আগের নাশকতার ঘটনায় যাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, তাঁদের অধিকাংশই চলমান অবরোধ-হরতালে যানবাহনে পেট্রলবোমা হামলা ও গাড়ি পোড়ানোর মামলায় নতুন করে আসামি হয়েছেন।
বগুড়ার পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালের ৩ মার্চ রাতে জামায়াতের নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে জেলাজুড়ে একযোগে ব্যাপক তাণ্ডব চালানো হয়। হামলা হয় বিভিন্ন থানা-ফাঁড়ি, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কার্যালয়, আওয়ামী লীগের কার্যালয়, আওয়ামী লীগের নেতাদের বাসভবন, সরকারি দপ্তর ও রেলস্টেশনে। গানপাউডার ঢেলে পুড়িয়ে দেওয়া হয় নন্দীগ্রাম উপজেলা পরিষদের ১৬টি সরকারি দপ্তর এবং উপজেলা চেয়ারম্যান-ইউএনওর বাসভবন ও সরকারি গাড়ি। ১৪৪ ধারা ভেঙে এসব হামলা ও নাশকতা চালাতে গিয়ে পুলিশের সঙ্গে সহিংসতায় প্রাণহানি ঘটে ১৮ জনের। এসব ঘটনায় পুলিশ বাদী হয়ে জামায়াত-শিবির ও বিএনপির ৩৭ হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে ৫৭টি মামলা দায়ের করে। অজ্ঞাতনামা আসামি করা হয় লক্ষাধিক ব্যক্তিকে। এসব মামলার তদন্ত শেষ করতে দীর্ঘ দুই বছর সময় লাগে।
বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, ৫৭টির মধ্যে ৫২ মামলার তদন্ত ইতিমধ্যে শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা পেয়ে ৩ হাজার ১৪৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। অন্য পাঁচটি মামলার চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। যেসব আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, তাঁদের অধিকাংশই জামিনে বেরিয়ে এসে ফের নতুন করে নাশকতায় জড়িয়ে পড়েছেন। তাঁরা পেট্রলবোমা ও নাশকতার ঘটনায় জড়িয়ে পড়ায় আসামি হচ্ছেন।
প্রধান আসামিই উপজেলা চেয়ারম্যান: নন্দীগ্রাম উপজেলা পরিষদে গানপাউডার ঢেলে ১৬টি কার্যালয় পোড়ানো, থানায় হামলা এবং উপজেলা চেয়ারম্যানের বাসভবন পোড়ানোর ঘটনায় উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মণ্ডলকে প্রধান আসামি করে চারটি মামলায় প্রায় এক হাজার জনকে সুনির্দিষ্ট এবং অজ্ঞাত আরও প্রায় ১৫ হাজার ব্যক্তিকে আসামি করা হয়। আদালত থেকে জামিনে বেরিয়ে এসে নুরুল ইসলাম ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে থানায় হামলার মামলায় উপজেলা চেয়ারম্যানসহ চার মামলায় ৬৪৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
একই অবস্থা দুপচাঁচিয়া ও শেরপুর উপজেলা পরিষদেও। এর মধ্যে ৩ মার্চের নাশকতার একাধিক মামলার আসামি আবদুল গনি মণ্ডল দুপচাঁচিয়া এবং দবিবুর রহমান শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এই তিন উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধেই ডজন খানেক মামলায় জড়িত দেখিয়ে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। এর মধ্যে আবদুল গনি এখন জেলহাজতে রয়েছেন।
বগুড়া আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেলালুর রহমান গতকাল সোমবার সন্ধ্যায় বলেন, দুই বছরে পুলিশ এখন পর্যন্ত ৫২ মামলার তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে। বেশির ভাগ মামলার এখন পর্যন্ত অভিযোগপত্র গ্রহণের (চার্জ হিয়ারিং) শুনানিই হয়নি। বিচারকাজ শুরু হতে এখনো অনেক অপেক্ষা করতে হবে।
হেলালুর রহমান আরও জানান, ৫২ মামলার মধ্যে শুধু নন্দীগ্রাম উপজেলা পরিষদ পোড়ানোর একটি মামলায় একজন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তবে সেখানেও ওই আসামি চতুরতার আশ্রয় নিয়েছেন। তিনি নিজেকে ওই ঘটনায় জড়াননি। অন্য আসামিরা হামলায় জড়িত বলে জানিয়েছেন। অন্য ৫১ মামলার অভিযোগ খুবই দুর্বল। মামলার বিচার ও আসামিদের শাস্তি নির্ভর করবে সাক্ষ্য-প্রমাণের ওপর। তবে অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, রাজনৈতিক মামলায় সাক্ষ্য-প্রমাণ দিতে আদালত পর্যন্ত আসতে চান না সাক্ষীরা। এখন এটা নির্ভর করবে পুলিশ যাঁদের মামলায় সাক্ষী করেছে, তাঁদের ওপর। সাক্ষ্য দুর্বল হলে কিংবা সাক্ষী হাজির করা না গেলে এসব মামলার বিচারিক কার্যক্রম ঝুলে যাবে।