চট্টগ্রাম বন্দরে কনটেইনার থেকে প্রায় পৌনে তিন কোটি ভারতীয় রুপি জব্দের ঘটনায় করা মামলার তদন্তের দায়িত্ব পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছে হস্তান্তর করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বন্দর থানা-পুলিশের কাছ থেকে সিআইডির বিশেষায়িত ইউনিট সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ দলের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য প্রথম আলোকে বলেন, মামলাটি তদন্তের জন্য সিআইডির পক্ষ থেকে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠানো হয়। পরে পুলিশ সদর দপ্তর থেকে মামলাটির নথি সিআইডিকে বুঝিয়ে দেওয়ার জন্য গত বুধবার চট্টগ্রাম নগর পুলিশে চিঠি পাঠানো হয়।
সিআইডির সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধ দলের পরিদর্শক লিটন দেওয়ান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, বন্দর থানা থেকে মামলার নথি বুঝে নেওয়ার প্রক্রিয়া চলছে। মামলাটি এখন তিনি তদন্ত করবেন।
গত ২১ সেপ্টেম্বর বন্দর চত্বরে একটি কনটেইনার খুলে ২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। এ ঘটনায় ছয়জনকে আসামি করে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়। আসামিদের মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার এই মামলার প্রথম তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তবে প্রথম তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক (এসআই) জহির হোসেন জিজ্ঞাসাবাদের জন্য আসামিদের এখনো রিমান্ডে নেননি। তিনি বলেন, যেহেতু আদালত রিমান্ড মঞ্জুর করেছেন, তাই এ মামলার বর্তমান তদন্ত সংস্থা সিআইডি আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন।