নারায়ণগঞ্জে সাত খুনের দুটি মামলায় মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ দ্বিতীয় দিনের মতো অসমাপ্ত রেখে আজকের মতো সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন আদালত।
আজ সোমবার সকাল সাড়ে দশটা থেকে সোয়া দুইটা পর্যন্ত জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে এই সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়।
সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মামলার প্রধান আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক তিন কর্মকর্তা চাকরিচ্যুত কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, লে. কমান্ডার এম এম রানা ও মেজর আরিফ হোসেনসহ ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।
সরকারি কৌঁসুলি ওয়াজেদ আলী খোকন জানান, ২২ আগস্ট এ মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বর্তমানে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুনুর রশিদ মণ্ডলের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাঁদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পৃথক দুটি মামলায় তদন্তকারী কর্মকর্তা ৩৫ আসামির নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে র্যাবের আট সদস্যসহ ১২ জন পলাতক রয়েছেন।