মামলার তদন্তভার পুলিশে ন্যস্ত পরিবারের দাবি উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের সাংবাদিক জামাল উদ্দীন হত্যার ঘটনায় পুলিশের জড়িত থাকার অভিযোগ ওঠায় মামলাটি তদন্তের জন্য র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে হস্তান্তরের জন্য যশোরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করা হয়েছে। গত মঙ্গলবার জামাল উদ্দীনের বাবা আবদুল আলিম এ আবেদন করেন। আগামী রোববার এই আবেদনের শুনারির দিন ধার্য করা হয়েছে।এদিকে আবেদনটি আদালতে নিষ্পত্তি হওয়ার আগেই মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত একটি চিঠি যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে।যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান জানান, পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপুলিশ পরিদর্শক (এআইজি) কাজী জিয়া উদ্দীন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, শার্শা থানার (মামলা নম্বর-১১- ১৬/০৬/১২ ধারা ৩০২/৩৪) মামলাটির তদন্তভার নির্দেশক্রমে সিআইডির ওপর ন্যস্ত করা হলো।৭ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পাতায় ‘যশোরে সাংবাদিক খুনের ঘটনায় পুলিশ জড়িত’ ও ‘পুলিশ-খুনি ফোনালাপ’ শিরোনামে দুটি সংবাদ প্রকাশিত হয়। এরপর মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অন্য কোনো সংস্থার কাছে হস্তান্তরের জন্য যশোরের পুলিশ সুপারের কার্যালয় থেকে অনুরোধ জানিয়ে পুলিশ সদর দপ্তরে একটি চিঠি পাঠানো হয়।জামালের বাবা তাঁর আবেদনে বলেন, জামাল হত্যা মামলার দায়িত্বভার সংশ্লিষ্ট (শার্শা) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওপর থাকে। কিন্তু স্থানীয় পুলিশ ক্যাম্পের (গোড়পাড়া) ইনচার্জ (সহকারী উপপরিদর্শক মাসুদুর রহমান) ও একজন কনস্টেবলের (শহিদুল ইসলাম) এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার ব্যাপারে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। এ কারণে পুলিশের কাছে তদন্তের দায়িত্ব থাকলে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মামলার তদন্তভার র‌্যাবের কাছে দেওয়ার জন্য আবেদন করা হলো। জামালের বাবা আবদুল আলিম অভিযোগ করেন, দারোগা মাসুদকে বাঁচানোর জন্য তদন্তভার সিআইডির কাছে দেওয়া হয়েছে। সিআইডি পুলিশের চেয়েও খারাপ। পুলিশ যা করেছে, সিআইডিও তাই করবে। তিনি বলেন, ‘আমি র‌্যাবের কাছে মামলার তদন্তভার দেওয়ার জন্য আবেদন করেছি। মামলার বাদী হচ্ছি আমি, আমার আবেদনের কি কোনো দাম নেই?’যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজ পত্রিকার শার্শা উপজেলার কাশিপুর প্রতিনিধি জামাল উদ্দীন গত ১৫ জুন রাতে নৃশংসভাবে খুন হন। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এএসআই মাসুদকে শার্শা থেকে মনিরামপুর থানায় বদলি এবং পরে প্রত্যাহার (ক্লোজড) করে যশোর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। আর কনস্টেবল শহিদুলকে বদলি করা হয় মহানগর পুলিশে।