নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রুহুল জামিল হত্যার বিচার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তভার রযাল বের কাছে হস্তান্তরের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তাঁর মা রওশন বানু।
গত মঙ্গলবার সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রুহুল জামিলের ছোট ভাই রুহুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী সালমা আক্তার নিশু, দুই শিশুসন্তান, শাশুড়ি রহিমা বেগম ও চাচা আবু সাঈদ।
নিহত রুহুল জামিলের মা রওশন বানু লিখিত বক্তব্যে জানান, তাঁর স্বামী মাওলানা আবদুল মালেক কুমিল্লা ফয়জুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে ১৯৯১ সালের ৪ নভেম্বর মারা যান। স্বামীর মৃত্যুর পর তিন ছেলে ও দুই মেয়ে নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সুখেরটেক গ্রামে বসবাস করছেন। দুই মেয়েকেই বিয়ে দেওয়া হয়েছে। তাঁরা শিক্ষকতা করছেন। বড় ছেলে রুহুল আমিন এলএলবি পাস করে অ্যাডভোকেট হন। এক ছেলে রুহুল ইসলাম সেনাবাহিনীতে কর্মরত। অপর ছেলে রুহুল জামিল জমিজমা দেখাশোনা করেন। এ অবস্থায় স্থানীয় সন্ত্রাসীরা তাঁদের জমিজমা দখলের জন্য ছেলের হত্যাসহ নানাভাবে হুমকি দেয়। এ বিষয়ে সোনারগাঁ থানায় একাধিকবার সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ২০১২ সালের ১৮ মার্চ স্থানীয় সন্ত্রাসীরা অ্যাডভোকেট রুহুল আমিনকে অপহরণ করে নিয়ে আটক রেখে মারধর করে।
এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি মামলা করা হয়। পরে অসুস্থ হয়ে রুহুল আমিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত ২৫ জানুয়ারি রুহুল জামিল তার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২৫ জানুয়ারি মহাসড়কের পাশে তাঁর লাশ পাওয়া যায়।
এ ব্যাপারে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলাটি পরে ঢাকা সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাতেও কোনো অগ্রগতি হচ্ছে না। সিআইডি পুলিশ উল্টো আসামিদের পক্ষে কাজ করছে। সে সুযোগে আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে। সে কারণে হত্যার বিচার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তভার র্যা বের কাছে হস্তান্তরের দাবি জানান তাঁরা।