
সিলেটে লেখক, ব্লগার ও তরুণ ব্যাংকার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার তদন্তভার পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। ঘটনার পর গত ১৩ দিন বিমানবন্দর থানার পুলিশ মামলার তদন্ত করছিল। এত দিনেও খুনি শনাক্ত না হওয়ায় পুলিশের সদর দপ্তর থেকে গতকাল সোমবার মামলার তদন্তভার সিআইডিতে স্থানান্তর-সংক্রান্ত এক নির্দেশনা সিলেট মহানগর পুলিশের কাছে পৌঁছেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ সিআইডিতে স্থানান্তর করার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার তদন্তভার সিআইডিতে স্থানান্তর হওয়ায় পরিবারের প্রতিক্রিয়া জানতে চাইলে অনন্তের বড় বোনের স্বামী সমরবিজয় সী শেখর বলেন, ‘তদন্ত কারা করবে, এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমরা শুধু চাই খুনি শনাক্ত হোক, ধরা পড়ুক ও বিচারের আওতায় আসুক। গত ১৩ দিনে এ রকম কিছু শোনা যায়নি বলে আমরা একধরনের কষ্টের মধ্যে আছি।’
নগরের সুবিদবাজারের নূরানী আবাসিক এলাকার নিজ বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাওয়ার পথে গত ১২ মে সকালে চৌরাস্তার মোড়ে অনন্তকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। ওই দিনই ‘আনসার বাংলা ৮’ হত্যার দায় স্বীকার করে টুইটার বার্তা দেয়।
অনন্ত বিজয় দাশ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিভাগে পড়াশোনা শেষ করে পূবালী ব্যাংকের জাউয়াবাজার শাখায় কর্মরত ছিলেন। মুক্তমনা ও সামহ্যোয়ার ইন ব্লগে নিয়মিত লেখালেখি করতেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকেও সক্রিয় ছিলেন। সিলেটের গণজাগরণ মঞ্চের সংগঠক অনন্ত বিজ্ঞান ও বিজ্ঞানমনস্কতা বিষয়ে কয়েকটি বইও লিখেছেন। এ ছাড়া বিজ্ঞানভিত্তিক ছোটকাগজ যুক্তি নামে একটি পত্রিকা নিয়মিত সম্পাদনা করতেন তিনি।