মামলার তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গতকাল মঙ্গলবার পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। একটি মামলার তদন্তে গেলে এ হামলা চালানো হয়।
হামলায় মামলার তদন্ত কর্মকর্তা লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) রবিউল হোসেন ছাড়াও চারজন কনস্টেবল আহত হন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম কলাউজান খলিল সিকদার পাড়ার শামসু মিয়া ও প্রতিবেশী মোহাম্মদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে সোমবার মোহাম্মদ মিয়া ও তাঁর ছেলেরা শামসু মিয়ার গাছ কেটে জমি দখলের চেষ্টা করেন।
এসআই রবিউল হোসেন জানান, এ ঘটনায় শামসু মিয়া থানায় মামলা করেন। ওই মামলার তদন্ত করতে গেলে মোহাম্মদ মিয়া ও তাঁর পরিবারের সদস্যরা তাঁদের ওপর হামলা চালান।
তবে মোহাম্মদ মিয়ার দাবি, তিনি নিজে এ ঘটনার সঙ্গে জড়িত নন। তাঁর পাল্টা অভিযোগ, তিনি গ্রেপ্তার হওয়ার পর প্রতিপক্ষ লোকজন তাঁর বাড়ি ভাঙচুর করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।