
রাজধানীর মোহাম্মদপুরে কলেজশিক্ষক কৃষ্ণা কাবেরী বিশ্বাস (৩৫) হত্যা মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। ১৮ দিন পরও এই মামলার একমাত্র আসামি জহিরুল ইসলামকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
ওই ঘটনায় হাতুড়িপেটায় আহত কৃষ্ণা কাবেরীর স্বামী বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উপপরিচালক সিতাংশু শেখর বিশ্বাস (৪৮), তাঁর দুই মেয়ে শ্রোভনা বিশ্বাস (১৫) ও অদিতিয়া বিশ্বাস (৮) মহাখালীর মেট্রোপলিটান সেন্টারে চিকিৎসা শেষে ১৪ এপ্রিল বাসায় ফিরেছেন।
স্বজনেরা অভিযোগ করেন, পুলিশ তাঁদের বলেছে, হামলাকারী শনাক্ত হয়েছে এবং তাঁর ছবিও তাদের কাছে আছে। পুলিশের আশ্বাস ছাড়া তাঁরা তদন্তে কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না।
সিতাংশু শেখরের ভায়রা বিপ্লব বিশ্বাস প্রথম আলোকে বলেন, আসামি গ্রেপ্তারে পুলিশ শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে। হামলা ও অগ্নিসংযোগের এত দিন পরও একমাত্র আসামি ধরা পড়ল না।
হত্যা মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, আসামি জহিরুল বারবার স্থান পরিবর্তন করছেন। তাই তাঁকে গ্রেপ্তারে বেগ পেতে হচ্ছে। কম সময়ের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা যাবে। হামলা ও আগুন দেওয়ার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, আসামি ধরা পড়লে কারণ নিশ্চিত করে বলা যাবে।
স্বজনেরা জানান, গুলশানের একটি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপক জহিরুল শেয়ার ব্যবসায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় মানসিক সমস্যায় ছিলেন। সিতাংশুর বিও হিসাব ওই ব্রোকারেজ হাউসে ছিল। সিতাংশুর শেয়ার আত্মসাৎ করতে ওই হামলা চালানো হয়। তবে পরিবারের কারও কারও সন্দেহ, হামলা ও অগ্নিসংযোগের পেছনে আরও একাধিক কারণ থাকতে পারে।
তদন্ত-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, সম্ভাব্য সব কারণ বিবেচনায় নিয়েই তদন্ত চলছে। হামলার সময় ওই বাসার সবাই আসামি জহিরুলকে দেখেছেন। জহিরুলকে পাওয়া গেলে অনেক কিছুই হয়তো খোলাসা হবে।
এজাহারে অভিযোগ করা হয়, গত ৩০ মার্চ রাতে মোহাম্মদপুরের ইকবাল রোডে সিতাংশুকে ফলের রস খাওয়ানোর পর তাঁকে, তাঁর স্ত্রী কৃষ্ণা কাবেরী ও দুই মেয়েকে হাতুড়িপেটা করেন পূর্বপরিচিত জহিরুল। একপর্যায়ে কৃষ্ণা কাবেরীর পরনের শাড়ি এবং ওই বাসায় আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পর কৃষ্ণা মারা যান। তিনি আদাবরের মিশন ইন্টারন্যাশনাল কলেজের সমাজকল্যাণ বিভাগের প্রভাষক ছিলেন।