এক মাসের বেশি সময় ধরে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারক না থাকায় দুর্ভোগে পড়েছেন বিচারপ্রার্থীরা। গত ১৬ এপ্রিল থেকে এ অবস্থা চলছে। তবে বিচারক না থাকলেও মামলার তারিখ পড়ছে। কিন্তু শুনানি হচ্ছে না।
আইন অনুযায়ী ১৩৫ কার্যদিবসের (মামলার ধার্য দিন) মধ্যে ট্রাইব্যুনালের মামলার নিষ্পত্তির বিধান রয়েছে। এই সময়ের মধ্যে নিষ্পত্তি না হলে মামলাটি পূর্বের আদালতে ফেরত যাবে।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ নোয়াখালীর জেলা ও দায়রা জজ হিসেবে বদলি হয়েছেন। এ কারণে গত ১৬ এপ্রিল থেকে ট্রাইব্যুনাল বিচারকশূন্য রয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ ২০০২-এর ২৮ ধারায় বলা আছে, ‘দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচারকার্য শুরু হইলে উহা শেষ না হওয়া পর্যন্ত একটানা চলিবে। তবে ট্রাইব্যুনাল এই মর্মে সন্তুষ্ট হয় যে, ন্যায় বিচারের স্বার্থে বিচারকার্য মুলতবি রাখা প্রয়োজন। তাহা তিন কার্যদিবসের অধিক হইবে না।’
আইয়ুব খান জানান, বিচারক না থাকায় ভারপ্রাপ্ত বিচারকের দায়িত্বে থাকা চট্টগ্রাম জেলা ও দায়রা জজের সম্মতি নিয়ে মামলাগুলোর তারিখ ফেলা হচ্ছে। তিনি জানান, জেলা ও দায়রা জজ আদালতে মামলার চাপ বেশি থাকায় বিচারকের পক্ষে বাস্তব কারণেই ট্রাইব্যুনালে এসে শুনানি করা সম্ভব নয়।
আদালত সূত্র জানায়, চাঁদপুরের হাজীগঞ্জ থানার জীবন হরিধন হত্যা মামলাটি গত বছরের ১৮ নভেম্বর চাঁদপুর আদালত থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আইন মন্ত্রণালয়। এই মামলায় ১১৬ কার্যদিবস পার হয়েছে। এর মধ্যে বিচারক না থাকায় গত ১৬ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ২৩ কার্যদিবসে শুনানি হয়। এই মামলায় আর বাকি আছে মাত্র ১৯ কার্যদিবস।
মামলার বাদী নিহত জীবন হরিধনের ভাই বিজয় হরিধন জানান, ধার্য দিনে বিচারক না থাকায় মামলার শুনানি হচ্ছে না। এখানে সপ্তাহে দুই থেকে তিন দিন তারিখ পড়ে। কিন্তু মামলাটি চাঁদপুর আদালতে ফেরত গেলে দুই থেকে তিন মাস অন্তর তারিখ পড়বে। এতে বিচার বিলম্বিত হবে।
বর্তমানে ট্রাইব্যুনালে চট্টগ্রামের আগ্রাবাদের মা-মেয়ে খুন, পাঁচলাইশে এক নারীসহ দুই শিশু খুন, ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে খুনের মামলাসহ ৩০টি মামলা বিচারাধীন রয়েছে। পুরো চট্টগ্রাম বিভাগের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল একটি।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান জানান, নতুন বিচারক নিয়োগ দেওয়ার বিষয়টি আইন মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে শিগগিরই বিচারক নিয়োগ দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে ট্রাইব্যুনালে মামলা পরিচালনাকারী জ্যেষ্ঠ আইনজীবী কামরুল ইসলাম সাজ্জাদ জানান, বিচারক না থাকায় আসামিরাও ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বিচারক না থাকায় আসামিদের জামিনের আবেদন করা যাচ্ছে না। শুনানি না হলেও অনেক দূরদূরান্ত থেকে এসে ধার্য দিনে আসামিদের হাজিরা দিতে হচ্ছে। অথচ মামলার শুনানি হলে বিচারকাজ এগিয়ে যেত।
চাঁদপুরের উত্তর মতলব থানা এলাকায় ২০১২ সালের ২ ডিসেম্বর বাক্প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে দুর্বৃত্তরা। এ মামলাটি গত বছরের ২৪ নভেম্বর ট্রাইব্যুনালে আসে। ইতিমধ্যে পার হয়েছে মামলাটির ১১১ কার্যদিবস। এর মধ্যে গত ১৬ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ২৩ কার্যদিবসে শুনানি হয়।
মামলার বাদী কিশোরীর বাবা দীপ্তি মিয়া জানান, বিচারক না থাকায় শুনানি হচ্ছে না। মামলাটি সাক্ষ্য গ্রহণের শেষ পর্যায়ে রয়েছে। দ্রুত বিচারক নিয়োগ না হলে মামলাটি আবার চাঁদপুর আদালতে ফেরত যাবে।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক জানান, ট্রাইব্যুনাল বিচারকশূন্য থাকায় আলোচিত মামলাগুলোর বিচার থমকে রয়েছে।