মামলার তিন দিনেও কেউ গ্রেপ্তার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে লাঠিসোঁটা নিয়ে সাংসদ আসিফ শাহরিয়ারের নেতৃত্বে হামলার ঘটনায় দায়ের করা মামলার পর তিন দিনেও কেউ গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর গত সোমবার প্রথম আলোকে বলেন, সেদিনের ঘটনার সব ভিডিওচিত্র দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে অবশ্যই তাদের গ্রেপ্তারের অভিযানে নামবে পুলিশ।কোতোয়ালি থানার ওসি আলতাফ হোসেন বলেন, ‘ওপরের নির্দেশ ছাড়া আমি বিষয়টাতে সিদ্ধান্ত নিতে পারিনি। তবে ভিডিওচিত্র দেখে আমরা একটা ব্যবস্থা নেব।’ এদিকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন সাংসদ সুস্থ হয়ে সোমবার বাড়ি ফিরে গেছেন। সাংসদের চিকিৎসকদলের প্রধান লুৎফর রহমান বলেন, সাংসদের শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সাংসদ কয়েকটি ট্রাকভর্তি কর্মী-সমর্থক নিয়ে শনিবার হাসপাতালের পরিচালককে ঘেরাও করতে যান। তাঁদের হাতে কাঁচা বাঁশের লাঠি ছিল। জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদের ভাতিজা সাংসদ শাহরিয়ার কর্মচারী নিয়োগে কোটা দাবি করে হাসপাতালে চড়াও হন। এ সময় সংঘর্ষে সাতজন সাংবাদিকসহ আরও অনেকে আহত হন। এ ঘটনায় সাংসদকে প্রধান আসামি করে মামলা হয়।