মামলার তিন দিনেও বখাটেকে গ্রেপ্তার না করার অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ীর রুদ্র বয়ড়া বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ঘটনায় করা মামলার প্রধান আসামি মনির উদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করছে না বলে গতকাল মঙ্গলবার অভিযোগ করেছেন মামলার বাদী।রুদ্র বয়ড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মামলার বাদী মো. সাইফুর রহমান অভিযোগ করেন, বখাটেদের বিরুদ্ধে গত শনিবার মামলা করা হলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত তিন দিনেও পুলিশ প্রধান আসামিকে গ্রেপ্তার করেনি। তিনি জানান, বখাটেকে গ্রেপ্তার না করায় শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ফিরলেও পাঠদান ব্যাহত হচ্ছে।পোগলদীঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রুদ্র বয়ড়া বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. শামস উদ্দিন বলেন, সামাজিকভাবে বখাটেদের বিরুদ্ধে আন্দোলন গড়ে না তুললে সরিষাবাড়ীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা নিরাপদে স্কুল-কলেজে যেতে পারবে না। তিনি আরও বলেন, বখাটে মনির উদ্দিনকে গ্রেপ্তার না করা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।তারাকান্দি ট্রাক ও ট্যাংকলরি মালিক সমিতির সভাপতি মো. আবুল হোসেন জানান, বখাটেদের প্রতিরোধে সরিষাবাড়ী থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।