ময়মনসিংহের নান্দাইল উপজেলার নারায়ণপুর গ্রামের এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও অপহরণের ঘটনায় মামলা হওয়ার দুই মাস পরও বখাটেকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে আতঙ্কে আছে ওই ছাত্রীর পরিবার। বখাটের পরিবার পাল্টা মামলা করে ওই ছাত্রীর পরিবারকে হয়রানি করছে। এ ছাড়া এলাকায় বখাটের সহযোগীরা ওই ছাত্রী ও তার পরিবারকে নিয়ে কুৎসা রটনা করে প্রচারপত্র বিতরণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত ১৫ জুন উপজেলার সিংরইল ইউনিয়নের একটি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়ার পথে একই গ্রামের সুমন চন্দ্র দাশ রাস্তা থেকে ধরে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে। গ্রামের লোকজন ওই দিন বিকেলে ওই বাড়ি থেকে ছাত্রীকে উদ্ধার করে।জুন মাসে ঘটনা ঘটলেও হুমকির কারণে ছাত্রীর পরিবার মামলা করতে সাহস পায়নি। স্থানীয় কয়েকজন সাংবাদিক ঘটনার সত্যতা জেনে নান্দাইল থানাকে জানালে গত ২২ আগস্ট ছাত্রীর বাবা বখাটে সুমন ও তার এক সহযোগীকে আসামি করে মামলা করে। এর পর থেকে সুমন পলাতক বলে পুলিশের পক্ষ থেকে জানানো হলেও বাদীর পরিবার অভিযোগ করেছে, সুমনের সঙ্গে তার পরিবারের নিয়মিত যোগাযোগ রয়েছে।ছাত্রীর বাবা প্রথম আলোকে বলেন, ‘মামলা করার পর দুই মাস পেরিয়ে গেলেও পুলিশ সুমনকে গ্রেপ্তার করতে পারেনি। সুমনের বাবা ও কাকা উল্টো তাদের বিরুদ্ধে কয়েকটি মামলা করেছেন। প্রতি মাসে ওই মামলাগুলোয় ময়মনসিংহের আদালতে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। শুধু তাই নয়, বখাটের সহযোগীরা এলাকায় প্রচারপত্র ছড়িয়ে আমার পরিবারের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে।’ ওই পরিবারের প্রতিবেশী কৃষ্ণচন্দ্র সরকার জানান, রাতে তাঁর ঘরের সামনে কিছু লোক প্রচারপত্র রেখে যায়। গ্রামবাসী ও বাকচান্দা বাজারের কয়েকজন ব্যবসায়ীও এ ধরনের প্রচারপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন।গত সেপ্টেম্বর মাসে এ ঘটনায় পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর শিক্ষামন্ত্রীর নির্দেশে নান্দাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দেন। মামলার তদন্ত কর্মকর্তা নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে আমাদের কোনো গাফিলতি নেই।’