মামলার ধারা সুনির্দিষ্ট করা নিয়ে প্রশ্ন
সড়ক দুর্ঘটনা নিয়ে মামলা করার ক্ষেত্রে ধারা সুনির্দিষ্ট করা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-কমিটির নেওয়া এ সংক্রান্ত সিদ্ধান্ত অবিলম্বে পরিবর্তনেরও দাবি উঠেছে।
রাজধানীতে আজ বুধবার এক মতবিনিময় সভায় আলোচকেরা বলেন, ‘সড়ক দুর্ঘটনা সম্পর্কিত মামলা ৩০৪ (খ) ধারায় হবে’-এটি সুনির্দিষ্ট করে দেওয়ার সিদ্ধান্তটি অনাকাঙ্ক্ষিত।’ তাঁদের মতে কোন ধারায় চার্জ গঠন ও মামলা নিষ্পত্তি হবে তা আদালতের মাধ্যমে নির্ধারিত হওয়া বাঞ্ছনীয়। তা না হলে আইনের স্বাভাবিক গতি ব্যাহত হবে। এ ধরনের সিদ্ধান্ত পরিবহন শ্রমিকদের আরও বেপরোয়া গতিতে গাড়ি চালানোর জন্য প্রভাবিত করবে। আর তাতে দুর্ঘটনাও বাড়বে বলে মনে করেন তাঁরা।
পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এ মতবিনিময় সভার আয়োজন করে। পবা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় আলোচকেরা বলেন, দণ্ডবিধির ৩০৪ ধারায় শাস্তির মেয়াদ সর্বোচ্চ দশ বছর হওয়ায় বরং এই ধারায় মামলার বিধান চালকদের সতর্ক করবে। ৩০৪ (খ) ধারায় শাস্তির মেয়াদ মাত্র সর্বোচ্চ তিন বছর। পবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপ-কমিটির সভায় সড়ক দুর্ঘটনা সম্পর্কিত মামলা ৩০২ ধারায় না নিয়ে ৩০৪ (খ) ধারায় মামলা হওয়া উচিত বলে উল্লেখ করা হয়েছে। এ ধরনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আজকের সভার আয়োজন করা।
পবার নির্বাহী সাধারণ সম্পাদক আবদুস সোবহান সভায় সভাপতিত্ব করেন। সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউবিসি ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার মারুফ হোসেন। পবার চেয়ারম্যান আবু নাসের খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মডার্ণ ক্লাবের সভাপতি আবুল হাসনাত, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন আহমেদ, পবার সহ-সম্পাদক শাহীন আজিজ, মো. সেলিম প্রমুখ আলোচনায় অংশ নেন।
সভায় আলোচকেরা বলেন, দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা হলে এর শর্তানুযায়ী সড়ক দুর্ঘটনায় দায়ী ব্যক্তিরা নিষ্কৃতি পেয়ে যায়। তাই এ ধারায় মামলা হলে বেশির ভাগই খারিজ হয়ে যাবে। তবে যদি এটি প্রমাণিত হয় যে, কেউ উদ্দেশ্যমূলকভাবে সড়ক দুর্ঘটনার নামে কাউকে হত্যা করেছে তাহলে এই ধারায় মামলা করার বিধান থাকতে হবে। তদন্ত সাপেক্ষে বিভিন্ন ধারায় মামলা নেওয়ার বিধান থাকতে হবে।
· সভায় আলোচকেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-কমিটির সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি থানায় মামলা গ্রহণ বিষয়ে যাতে সুস্পষ্ট নির্দেশনা দেয় সে আহ্বানও জানান। তাঁরা বলেন, কোনো গোষ্ঠীর চাপে নয় বরং জনস্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করবে। শুধু চালক নয়, যানবাহন মালিক এবং সংশ্লিষ্ট সংস্থার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও দায়িত্বে অবহেলার কারণে শাস্তির আওতায় আনা, নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি যুগোপযোগী আইন প্রণয়ন ও যথাযথভাবে বাস্তবায়নেরও দাবি জানানো হয় সভা থেকে।