মৃত খোকন নন্দী ওরফে রাজীব চৌধুরী হিন্দু না মুসলিম এবং তাঁর লাশটি কে পাবেন, তা নির্ণয় করতে মামলার নথি জেলা জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর হাকিম।
মহানগর হাকিম নুরু মিয়া গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে দেওয়া আদেশে বলেন, ‘মৃত বক্তির ধর্ম নির্ণয়ের কোনো বিধান ফৌজদারি আইনে নেই। লাশটি কে পাবে, সে বিষয়ে কোনো শুনানি বা আদেশ দেওয়ার এখতিয়ারও ফৌজদারি আদালতের নেই। বিষয়টি দেওয়ানি প্রকৃতির।’
এ সময় মৃতের মরদেহের দাবিদার দুই নারী মীরা নন্দী ও হাবিবা খানম ওরফে বাবলি আদালতে হাজির ছিলেন। তাঁদের পক্ষে আইনজীবীরা আদালতে শুনানি করেন।
গত ২৬ জুন ওই ব্যক্তি রাজধানীর বারডেম হাসপাতালে মারা যান। তাঁর মরদেহ সেখানকার হিমঘরে রাখা আছে। মীরা নন্দী নামের এক নারী দাবি করেছেন, মৃত ব্যক্তি তাঁর স্বামী। নাম খোকন নন্দী। একইভাবে ঢাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষক হাবিবা খানম নিজেকে স্ত্রী দাবি করে লাশটি দাবি করেন। তিনি বলেন, মৃত ব্যক্তির নাম রাজীব চৌধুরী। স্ত্রী দাবিদার দুই নারীর এ রকম বক্তব্যের পরিপ্রেক্ষিতে বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।
আইনজীবী আবু বকর সিদ্দিক আদালতে রাজীব চৌধুরীর ইসলাম ধর্ম গ্রহণ ও বিয়েসংক্রান্ত কাগজপত্র জমা দেন। এতে দেখা যায়, ১৯৮০ সালের ২ এপ্রিল ঢাকার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন খোকন নন্দী। রাজীব চৌধুরী নামে তিনি ১৯৮৪ সালের ১৫ জুলাই হাবিবা খানমকে বিয়ে করেন।
অন্যদিকে প্রথম স্ত্রী দাবিদার মীরা নন্দীর আইনজীবী কিশোর কুমার বসু রায় চৌধুরী বলেন, মৃত ব্যক্তির নাম রণজিৎ নন্দী ওরফে খোকন নন্দী। মৃত্যুর আগ পর্যন্ত মীরা ও খোকন নন্দী রাজধানীর মোহাম্মদপুরের ১৫ নম্বর রায়েরবাজার এলাকায় বসবাস করতেন। মীরা নন্দীর পক্ষ থেকে আদালতে দাখিল করা কাগজপত্রে দেখা যায়, মৃত ব্যক্তি জাতীয় পরিচয়পত্রে ‘খোকন নন্দী’ হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত করিয়েছেন। ২০১২ সালের ৬ আগস্ট একটি বায়না দলিলেও রণজিৎ নন্দী ওরফে খোকন নন্দী হিসেবে স্বাক্ষর করেছেন। বারডেম হাসপাতালেও তাঁর নাম খোকন নন্দী হিসেবেই লেখা হয়েছে।
জিডির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনাটি তদন্ত করে দাখিল করা প্রতিবেদনে বলেছেন, মৃত ব্যক্তি একজন মুসলমান। তিনি শাহজাহানপুরে বাস করতেন।