মামলার পর গ্রেপ্তার আতঙ্কে গ্রামছাড়া পুরুষেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর উপজেলার মশাজান-নোয়াবাদ গ্রামে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সময় পাঁচ মাসের একটি শিশু নিহত হওয়ার ঘটনায় মামলা করা হয়েছে। নিহত তাসপিয়া প্রমির বাবা আম্বর আলী গতকাল মঙ্গলবার হবিগঞ্জ সদর থানায় এ মামলা করেন।
নোয়াবাদ গ্রামের মন্নর আলী, আবদুল কাদিরসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলার এজাহারে আম্বর আলী বলেন, আসামিদের সঙ্গে বালুমহাল ও জমিজমা নিয়ে তাঁদের পরিবারের বিরোধ চলে আসছিল। এ বিরোধ থেকে আসামিরা গত রোববার রাতে তাঁদের বাড়িঘরে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে। এ সময় প্রতিপক্ষের আঘাতে পাঁচ মাসের শিশুসন্তান তাসপিয়া মারা যায়।
এদিকে নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করায় গ্রেপ্তার ও হয়রানির ভয়ে গ্রামের বেশির ভাগ পুরুষ গা ঢাকা দিয়েছে। গতকাল নোয়াবাদ গ্রামে গিয়ে দেখা যায়, অনেক বাড়ি তালাবদ্ধ। মামলায় নাম উল্লেখ করা আসামিদের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।
গ্রামের কয়েকজন বাসিন্দা প্রথম আলোকে বলেন, মূলত জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত। গ্রামের মন্নর আলী ও কদর আলীর পক্ষের মধ্যে এই বিরোধ। কয়েক মাস ধরে ছাত্রলীগ নেতাদের বালু উত্তোলন ও কদর আলীর বালুমহাল ব্যবসায় সম্পৃক্ত হয়ে বিতর্কিত জমি ব্যবহারের ফলে বিরোধ বাড়ে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে শিশু তাসপিয়ার মাথায় ও ডান হাতের কনুইতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি বলেন, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মশাজান-নোয়াবাদ গ্রামের পাশের খোয়াই নদ থেকে চার মাস ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছেন হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সহসভাপতি মুসা আহমেদ, নুরুজ্জামান জাকি, সাব্বির আহমেদসহ আরও কয়েকজন। তাঁদের পক্ষে স্থানীয়ভাবে বালু উত্তোলন দেখাশোনা করতেন নোয়াবাদ গ্রামের কদর আলী ও তাঁর লোকজন। বালু উত্তোলন নিয়ে বিরোধের জেরে গত রোববার রাত ১২টায় গ্রামবাসীর সংঘর্ষে তাসপিয়া নিহত হয়।