মামলার পর গ্রেপ্তার-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের পর থেকে বরিশাল নগরের কাউনিয়ার পুরাণপাড়া ও বটতলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গ্রেপ্তার আতঙ্কে এলাকার বেশির ভাগ পরিবারের পুরুষ সদস্য অন্যত্র আশ্রয় নিয়েছেন।

এ ঘটনায় পুলিশ ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দেড় হাজার জনকে আসামি করে একটি মামলা করেছে। কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল সিটি করপোরেশনের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে দখলদার ও এলাকাবাসীর সংঘর্ষ হয়। এতে পুলিশসহ ১৩ জন আহত হন। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অভিযান চালিয়ে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনার পর বৃহস্পতিবার রাতেই পুলিশ স্থানীয় লোকজনের বাড়ি বাড়ি ব্যাপক তল্লাশি চালায়। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে এখন ঘর থেকে বের হচ্ছেন না। গতকাল অনেকে কাজেও যাননি। গ্রেপ্তার আতঙ্কে পরিবারের পুরুষ সদস্যরা বিশেষ করে তরুণ-যুবকেরা এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

গতকাল শুক্রবার দুপুরে পুরাণপাড়া এলাকায় গিয়ে দেখা যায় রাস্তাঘাট ফাঁকা। স্থানীয় বাসিন্দা তাহের আলী, তাসলিমা বেগম ও নার্গিস বেগমের সঙ্গে এ নিয়ে কথা বলতে গেলে তাঁরা প্রথমে কথা বলতে চাননি। পরিচয় জানার পর তাঁরা বলেন, ঘরে থাকলে পুলিশ গ্রেপ্তার করতে পারে—এই আতঙ্কে যুবকেরা অনেকেই এলাকার বাইরে চলে গেছেন। তাঁদের ভাষ্য, সংঘর্ষের ঘটনায় যারা দোষী তাদের গ্রেপ্তার করা হোক, তাতে তাঁদের কোনো আপত্তি নেই। কিন্তু নিরীহ লোক গ্রেপ্তার করা হচ্ছে কেন? তাঁরা আরও বলেন, সংঘর্ষের ঘটনা ঘটেছে বটতলা এলাকায়। অথচ পুলিশ পুরাণপাড়া এলাকায় এসে গভীর রাতে প্রতিটি বাড়িতে অভিযান চালিয়েছে।

বটতলা এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার অনেক ক্ষুদ্র দোকানি তাঁদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন। এ সময় সাহেব আলী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, তাঁরা উচ্ছেদ অভিযানের কোনো নোটিশ পাননি। এখন মৌখিকভাবে শুনেছেন তিন দিনের মধ্যে দোকানপাট ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাই দোকান সরিয়ে নিচ্ছেন।

নাম গোপন রাখার শর্তে আরেক ব্যবসায়ী বলেন, ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকার বাসিন্দারা পুলিশের গ্রেপ্তার আতঙ্কের মধ্যে আছেন। এ জন্য ঘর থেকে লোকজন তেমন বের হচ্ছে না। পুরুষদের অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।

দুপুরে কাউনিয়া থানায় গিয়ে দেখা যায়, সেখানে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন আটক অটোরিকশাচালক মনির হোসেন ও বেকারিশ্রমিক শুভ হাওলাদারের স্বজনেরা। শুভ হাওলাদারের স্ত্রী সাথী আক্তার বলেন, তাঁর স্বামী রাতে সন্তানের জন্য দুধ কিনতে নতুন বাজারে গেলে সেখান থেকে ফেরার পথে শ্মশানঘাটসংলগ্ন সেতুর ওপর থেকে তাঁকে আটক করে পুলিশ। তাঁর স্বামী হামলার সময় এলাকায় ছিলেন না।

এ ব্যাপারে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনায় দায়ীদের গ্রেপ্তারের জন্য আমরা তল্লাশি অভিযান চালিয়েছি এবং রাতে তিনজনকে গ্রেপ্তার করেছি। তবে নিরীহ কাউকে অন্যায়-অহেতুকভাবে হয়রানি করা হচ্ছে না। এসব বিষয়ে আমরা সতর্ক আছি। আমরা এলাকার লোকজনকেও আশ্বস্ত করেছি, নিরীহ কাউকে হয়রানি করা হবে না।’