মামলার পর থেকে চট্টগ্রাম সিটি মেয়র হুমকি দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নারী কাউন্সিলর ফেরদৌস বেগম ওরফে মুন্নী অভিযোগ করেছেন, মামলা করার পর থেকে মেয়রের লোকজন তাঁকে হুমকি-ধমকি দিচ্ছেন। মেয়রপন্থী চারজন কাউন্সিলর গত বৃহস্পতিবার বিকেলে তাঁর বাসায় গিয়ে তাঁকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেন। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তবে মেয়রপন্থী কাউন্সিলরা এ অভিযোগ অস্বীকার করেন।গতকাল সকালে সম্মিলিত নারীসমাজ চট্টগ্রামের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্সিলর রেহেনা কবির রানু ও রেখা আলম এবং সম্মিলিত নারীসমাজের একজন নেত্রী উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্য পাঠ করেন রেহেনা কবির। কাউন্সিলর ফেরদৌস মানহানির অভিযোগে গত বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। সংবাদ সম্মেলনে ফেরদৌস বেগম অভিযোগ করেন, ‘কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, জহরলাল হাজারী, আবুল বশর ও এম এ মালেক গত বৃহস্পতিবার বিকেলে আমার বাসায় গিয়ে আমাকে টেনে-হিঁচড়ে গাড়িতে করে নেওয়ার চেষ্টা করেছিলেন। আসলে মেয়র যা চান তা করতে পারেন।’তবে ফেরদৌস বেগমের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করে কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, ‘আমরা কয়েকজন কাউন্সিলর গত বুধবার তাঁর বাসায় গিয়েছিলাম। ওই সময় বাসায় আমাদের আপ্যায়ন করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে আমরা তাঁর বাসায় যাইনি। ওই দিন বিকেলে সিটি করপোরেশন মিলনায়তনে আমরা সংবাদ সম্মেলন করেছি।’সংবাদ সম্মেলনে ফেরদৌস আরও অভিযোগ করে বলেন, ‘মেয়র ১৫ বছর ধরে কাউন্সিলরদের অত্যাচার-নির্যাতন করে আসছেন। কেউ মুখ খোলেননি। এই প্রথম আমি প্রতিবাদ করেছি। ভেতরে ভেতরে অনেকে ক্ষুব্ধ হলেও আমাদের কিছু কাউন্সিলর মেয়রের পক্ষ নিয়েছেন। মামলাটি যেন কেউ প্রভাবিত করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে আমি সবাইকে অনুরোধ করছি।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কাউন্সিলর মেয়রের বকাঝকার কথা স্বীকার করে বলেন, ‘উনি আমাদের অভিভাবক। তিনি বকাঝকা করতেই পারেন। এতে দোষের কিছু নেই।’ ঝাড়ুমিছিল: ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস বেগমের বিরুদ্ধে গতকাল বিকেলে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন নগরের বায়েজিদ এলাকায় ঝাড়ু মিছিল বের করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কাউন্সিলরের বাসার সামনে পুলিশ মোতায়েন করা হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সবুর বলেন, ‘মিছিলটি কাউন্সিলর মুন্নীর বাসার পাশ দিয়ে চলে যায়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ওখানে আগে থেকে পুলিশ মোতায়েন ছিল। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন মিছিলটি বের করে।’ জানা গেছে, মিছিল থেকে নগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে স্লোগান দেওয়া হয়।