মামলার পর সাবেক বিচারপতি শামছুদ্দিনের বিরুদ্ধে সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ এইচ এম শামছুদ্দিন চৌধুরীর
এ এইচ এম শামছুদ্দিন চৌধুরীর

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাবেক বিচারপতি এ এইচ এম শামছুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক আইনজীবী। আদালত মামলাটি আমলে নিয়ে তাঁর বিরুদ্ধে সমন জারি করেছেন। আগামী ২১ মে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আরফান উদ্দিন খান বাদী হয়ে দণ্ডবিধির ৫০০ এবং ৫০১ ধারায় মামলাটি করেন। আরফান উদ্দিনের জবানবন্দি রেকর্ড শেষে বিকেলে সাবেক বিচারপতি শামছুদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সমন জারির আদেশ দেন ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী।
ওই আদালতের পেশকার শেখ তানভীর রেজা প্রথম আলোকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে সমন জারি করে আগামী ২১ মে পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

মামলার আরজিতে আরফান উদ্দিন খান বলেন, ১৫ মার্চ বেসরকারি একটি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে যোগ দেন সাবেক বিচারপতি শামছুদ্দিন চৌধুরী। ওই অনুষ্ঠানে তিনি বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে তিনি ফৌজদারি অপরাধ করেছেন। এ ধরনের বক্তব্য দেওয়ায় করায় বিচারব্যবস্থার মানমর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং বাংলাদেশের প্রধান বিচারপতি পদের অবমাননা হয়েছে।

মামলার বাদী আরও উল্লেখ করেছেন, প্রধান বিচারপতি সম্পর্কে কটূক্তি ও মানহানিকর বক্তব্য প্রকাশের পর এর প্রতিবাদে সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া সাবেক বিচারপতি শামছুদ্দিন চৌধুরীকে আইনি নোটিশ পাঠান। তাঁর ওই বক্তব্য প্রত্যাহারের অনুরোধ করলেও তিনি নোটিশের জবাব দেননি।

‘রাজকাহন’ নামের ওই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নবনীতা চৌধুরী। মামলায় নবনীতা চৌধুরীকে সাক্ষী করা হয়েছে। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সদস্য জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এবং ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মাসুদ আহমেদ তালুকদার।