মামলার পরই থানায় ফিরে এল চোরাই মোটরসাইকেল
খোদ থানার চত্বর থেকে ‘গায়েব’ হয়েছিল উদ্ধার করা চারটি চোরাই মোটরসাইকেল। মামলা হওয়ার এক দিন পরই গতকাল বৃহস্পতিবার থানা চত্বরে ফিরে এসেছে সেগুলো। এ ঘটনা রাজধানীর মিরপুর থানার।
মিরপুর থানার পুলিশ জানায়, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় হওয়া মামলার সূত্র ধরে মানিকগঞ্জ, যশোর, ফরিদপুর ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে ২২৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। মোটরসাইকেলগুলো ট্রাকে করে মিরপুর থানায় আনার পর তা তত্ত্বাবধানের জন্য তিন পুলিশ সদস্যকে দায়িত্ব দেওয়া হয়। বুধবার হঠাৎ গণনা করে দেখা যায়, মোটরসাইকেল আছে ২২১টি। বারবার গণনার পরও চারটির হিসাব মেলে না। শুরু হয় অনুসন্ধান। কিন্তু মোটরসাইকেলগুলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না।
গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন খান প্রথম আলোকে বলেন, খোয়া যাওয়া মোটরসাইকেল চারটি পাওয়া গেছে। গত বুধবার এ ব্যাপারে থানায় একটি চুরির মামলা করা হয়। পরে গতকাল সকালে থানার সামনে মোটরসাইকেলগুলো পাওয়া যায়।
ওসি বলেন, ট্রাক থেকে নামিয়ে মোটরসাইকেলগুলো থানার পেছনে রাখা হয়েছিল। নামানোর সময় হয়তো চারটি থানার সামনে রাখা হয়। তিনি বলেন, এর পেছনে হয়তো কারও খারাপ উদ্দেশ্য ছিল।
অন্য একজন পুলিশ কর্মকর্তা বলেন, চুরির উদ্দেশ্যেই ওই মোটরসাইকেলগুলো সরিয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, পুলিশের কেউ এর সঙ্গে জড়িত। কর্মকর্তারা ভয়-ভীতি দেখিয়ে মোটরসাইকেলগুলো ফিরিয়ে আনেন।
প্রসঙ্গত, মিরপুর থানা চত্বর ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় ছিল।