মামলার পরও টিলা কাটা প্রশাসনের নির্দেশে ভরাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামলা হওয়ার পরও সিলেটের শাহি ঈদগাহ মাঠের সেই টিলা গতকাল শনিবার আবার প্রকাশ্যে কাটা শুরু করেন আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজকদের নিয়োজিত শ্রমিকেরা। তবে জানাজানি হওয়ার পর গতকাল দুপুরে তাঁরা টিলা কাটা বন্ধ করেন। পরে প্রশাসনের নির্দেশে শ্রমিকেরা কেটে নেওয়া জায়গা আবার ভরাট করে দিয়েছেন।স্থানীয় বাসিন্দারা জানান, মেলার আয়োজকদের নিয়োজিত ৩০-৪০ জনের একদল শ্রমিক গতকাল সকাল আটটার দিকে টিলা থেকে মাটি কেটে নিয়ে বাণিজ্য মেলার স্টলের জায়গা ভরাট করা শুরু করেন। খবর পেয়ে গণমাধ্যমের কর্মীরা সেখানে উপস্থিত হলে শ্রমিকেরা টিলা কাটা বন্ধ রাখেন। পরে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে টিলার কেটে নেওয়া অংশ পুনরায় ভরাট করার নির্দেশ দিলে দুপুরের মধ্যেই তা আবার ভরাট করে দেওয়া হয়।পরিবেশ অধিপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী বলেন, ‘যে টিলা নিয়ে মামলা হয়েছে, সেই টিলা থেকে প্রকাশ্যে মাটি কেটে নেওয়ার ঘটনাটি আসলেই বিস্ময়কর। আমি তাৎক্ষণিকভাবে মামলা দায়েরকারী উপজেলা প্রশাসনকে অবহিত করেছি।’ তিনি জানান, গত ১৮ নভেম্বর ওই টিলার অংশ কেটে নেওয়ার ঘটনায় পরদিন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সরেজমিন পরিদর্শন করে সত্যতা পান এবং এ ঘটনায় ভূমিসংশ্লিষ্ট শাখার সার্ভেয়ার মোশাররফ হোসেন মামলা করেন।এ বছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন সামনে রেখে আবার সেই টিলা কাটা শুরু হলে ১৯ নভেম্বর প্রথম আলোয় আরেকটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। টিলা কাটার বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবেশবাদী সংগঠনগুলো এর বিরুদ্ধে সোচ্চার হয়।