মামলার পরবর্তী শুনানি ১০ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক হত্যা মামলার ৩০ জন আসামিকে গতকাল মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে। আদালত আগামী ১০ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৩৩ আসামির মধ্যে মধ্যে গতকাল ৩০ জনকে ফেনীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আলমগীর মোহাম্মদ ফারুকীর আদালতে হাজির করা হয়। মামলার প্রধান আসামি বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার ঢাকায় কারাবন্দী হিসেবে চিকিৎসাধীন এবং অন্য দুই আসামি জামিনে মুক্ত রয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, একরাম হত্যার ঘটনায় গত বছরের ২৮ আগস্ট মোট ৫৬ জন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এর মধ্যে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬ জন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ২৩ জন এখনো পলাতক রয়েছেন।