মামলার পরিণতি নিয়ে উদ্বিগ্ন শিক্ষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল ক্যাম্পাসে শোক মিছিল বের করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক হত্যার দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে l ছবি: প্রথম আলো
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা গতকাল ক্যাম্পাসে শোক মিছিল বের করেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক হত্যার দ্রুত বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করে l ছবি: প্রথম আলো

অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলা আন্দোলনের কোনো দৃশ্যমান প্রতিক্রিয়া দেখছেন না শিক্ষকেরা। এ হত্যা মামলার পরিণতির ব্যাপারে তাঁরা উদ্বিগ্ন।
টানা আন্দোলনের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতারা এ হতাশা ও উদ্বেগের কথা ব্যক্ত করেন। মানববন্ধন থেকে তাঁরা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফয়জার রহমান বলেন, ‘এ আন্দোলনের কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না। জানি না, আন্দোলন কতদূর যাবে। নাকি স্তিমিত হয়ে পড়বে। অতীতের হত্যা মামলাগুলোর পরিণতি আমাদের শঙ্কিত করে তোলে।’
দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর বলেন, ‘যেখানেই হত্যা হবে সেখানেই আতঙ্ক, প্রতিহিংসা জাগ্রত হবে ও মনুষ্যত্ব ক্ষয় হবে। তাই দায় নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’
এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আনসার উদ্দীন। তিনি বলেন, ‘অধ্যাপক রেজাউলের মতো সৎ, নিষ্ঠাবান মানুষকে নৃশংসভাবে খুন করা হলো। তাঁর মতো মানুষকে যদি খুন করা হয়, তবে আমরা সবাই হত্যার উপযোগী। তাই আসুন, আমরা সবাই এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হই। তা ছাড়া হত্যার মিছিল থামবে না। ...শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
মানববন্ধনে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ বলেন, ‘দেশের জন্য নিবেদিতপ্রাণ শিক্ষকদের এভাবে হত্যা করা হলে জাতি মেধাশূন্য হয়ে পড়বে। তাই সরকার-প্রশাসনকে বলছি, আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ, ব্যথা, তা আপনারা বোঝেন না?’
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক গৌতম গোস্বামী, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের প্রভাষক দিলীপ কুমার সরকার। এ সময় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. এন্তুজুল হক, প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খানসহ দুই শতাধিক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
আধ ঘণ্টার মানববন্ধনের পর ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি মৌন মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চ’-এ গিয়ে সমাবেশ করেন তাঁরা।
গত ২৩ এপ্রিল সকালে রাজশাহীর শালবাগান এলাকায় নিজের বাসার কাছে অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই দিন তাঁর ছেলে রিয়াসাত ইমতিয়াজ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী কাল যাচ্ছেন: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কাল শনিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। তাঁরা অধ্যাপক রেজাউল হত্যার বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অন্যান্য বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করবেন।
এ ছাড়া, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম রোববার রাজশাহী যাবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সঙ্গে মতবিনিময় করবেন। পরে অধ্যাপক রেজাউলের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাসায়ও যাবেন তিনি।