মামলার প্রতিবাদে আসামি আ.লীগ নেতার সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন হত্যা মামলার আসামি একই উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মসিউর রহমান জোয়ার্দার প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না। কিছুদিন আগেও খুঁজে না পাওয়ায় তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছিল।
অথচ হত্যার অভিযোগে মামলা করার প্রতিবাদে গত শনিবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেছেন মসিউর রহমান।
সেখানে স্থানীয় সাংসদও উপস্থিত ছিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা হরিণাকুণ্ডু থানার উপপরিদর্শক (এসআই) নীরব হোসেন জানান, সমাবেশে স্থানীয় সাংসদ সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ কারণে আওয়ামী লীগ নেতা ও আসামি মসিউরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
মামলার বাদী আবুল হোসেনের বড় ছেলে সাইদুর রহমান জানান, তাঁর বাবাকে যারা হত্যা ও হত্যার পরিকল্পনা করেছে, তারা সভা-সমাবেশ করে বেড়াচ্ছে। আর তাঁদের (বাদীপক্ষের লোকজন) আওয়ামী লীগের ইন্ধনে ভাঙচুরের ঘটনায় হওয়া একটি মামলার আসামি করা হয়েছে। এ কারণে তাঁরা পালিয়ে বেড়াচ্ছেন।
তিনি অভিযোগ করেন, পুলিশের যে ভূমিকা, তাতে তাঁরা বিচার পাবেন কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তা ছাড়া তাঁদের পরিবারও বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে।
মসিউর রহমান জানান, আবুল হোসেন হত্যার পরিকল্পনায় তিনি জড়িত নন। তিনি তাঁর বাড়িতে হত্যাকারীদের আশ্রয়ও দেননি। বিএনপি তাঁর দলকে নেতৃত্বশূন্য করার জন্য তাঁর বিরুদ্ধে মামলা করেছে।
জানা গেছে, গত ২৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে নিজ বাড়ি মহারাজপুর গ্রামের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দিয়েছিলেন আবুল হোসেন।
পথে দখলপুর বাজারে পৌঁছানোর পর সাত-আটজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে দুটি বোমা ছুড়ে মারে। এরপর রাস্তার পড়ে গেলে তারা তাঁকে কুপিয়ে হত্যা করে। পরদিন সাইদুর রহমান আওয়ামী লীগ নেতা মসিউর রহমানসহ ২৪ জনকে আসামি করে হরিণাকুণ্ডু থানায় হত্যা মামলা করেন।
হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগ এটিকে ‘মিথ্যা’ মামলা দাবি করে গত শনিবার বিকেলে উপজেলা শহরের দোয়েল চত্বরে প্রতিবাদ সমাবেশ করে।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন মসিউর। এতে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সাংসদ সফিকুল ইসলাম।