রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত ও আহত সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে করা মামলায় আগামী ১৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এ আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই আলতাফ হোসেন প্রথম আলোকে নিশ্চিত করেন।
গত মঙ্গলবার রাজধানীর কল্যাণপুরে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানকার একটি বাসায় এক ঘণ্টার অভিযানে নয়জন নিহত ও একজন আহত হন। পুলিশ বলছে, সবাই জেএমবির সদস্য। ঘটনার দিন রাতে পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ ও বিশেষায়িত বাহিনী সোয়াতের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। ভোর ৫টা ৫১ মিনিটে সোয়াতের নেতৃত্বে অভিযান শুরু হয়। এক ঘণ্টার অভিযানে গুলি বিনিময়কালে নয়জন জঙ্গি ঘটনাস্থলে নিহত হন।
এ ঘটনায় মিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক শাহাজালাল আলম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। আর মামলার তদন্ত করছেন মিরপুর মডেল থানার আরেক পরিদর্শক সাজ্জাদ হোসেন।
এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, কল্যাণপুরের ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আদালত আগামী ১৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন। আর এ মামলায় গ্রেপ্তার এক আসামি বর্তমানে চিকিৎসাধীন আছেন।