মামলার প্রতিবেদন ১৫ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলার মামলার প্রতিবেদন আগামী ১৫ নভেম্বরের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার সিলেটের অতিরিক্ত মহানগর বিচারিক হাকিম উম্মে সরাবন তহুরা পুলিশকে এ নির্দেশ দেন।

আদালতের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, মামলার নির্ধারিত তারিখ থাকায় সকালে বদরুলকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত মামলার অগ্রগতি সম্পর্কে অবহিত হয়ে পরবর্তী তারিখ ১৫ নভেম্বর ধার্য করার পর বদরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। উল্লিখিত তারিখের মধ্যে পুলিশের প্রতিবেদন দাখিল করারও নির্দেশ দেওয়া হয়। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহানগর পুলিশের শাহপরান থানার উপপরিদর্শক (এসআই) মো. হারুনুর রশীদ লিখিতভাবে মামলাসংক্রান্ত একটি জব্দ তালিকা আদালতে দাখিল করেন। এতে খাদিজার রক্তমাখা জামাসহ বদরুলের কাছ থেকে উদ্ধার করা চাপাতি রয়েছে।

এসআই মো. হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আদালত এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য যে তারিখ নির্ধারণ করেছেন, এর আগেই অভিযোগপত্র দাখিল করা হবে।

গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা বেগমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন বদরুল আলম। তাঁকে প্রথমে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অচেতন অবস্থায় ঢাকায় স্কয়ার হাসপাতালে আনা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন। হামলার পর জনতা বদরুলকে আটক করে পুলিশে দেয়।

হামলাকারী বদরুল আলম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি শেষ বর্ষের অনিয়মিত ছাত্র এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসম্পাদক। তাঁর বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মনিরজ্ঞাতি গ্রামে।