মামলার প্রধান অভিযুক্ত গ্রেপ্তার মাদকের টাকার জন্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার ব্যবসায়ীর শিশুসন্তান হত্যা মামলার প্রধান আসামি সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার বালিকুড়ি গ্রামে এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক সেবনের টাকা না পেয়ে সাগর ও তার সহযোগীরা ব্যবসায়ী বিভূতিরঞ্জনকে জবাইয়ের চেষ্টা ও তাঁর সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করে। পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার গাজী মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, পুলিশের ধারণা, সাগর একা নয়, সহযোগীদের নিয়ে ওই হত্যাকাণ্ড ঘটায়। তবে বিভূতিরঞ্জন বলেন, বাড়ির চতুর্থ তলার ভাড়াটিয়া সাগর একাই ঘটনা ঘটিয়েছে। গতকাল রাতে যোগাযোগ করা হলে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ প্রথম আলোকে বলেন, গতকাল রাতে সাগরকে প্রধান আসামি করে গেন্ডারিয়া থানায় মামলা হয়েছে। ওই মামলায় আরও তিন-চারজন অজ্ঞাত সন্ত্রাসীকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত শিশু দীপ্তর বাবা বিভূতিরঞ্জন দাস। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিভূতির অবস্থার উন্নতি হচ্ছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। হাসপাতালে তিনি অস্পষ্ট কণ্ঠে প্রথম আলোকে বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে কলবেল বাজলে তিনি দরজা খোলেন। এ সময় সাগর তাঁর কাছে টাকা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে সাগর ক্ষিপ্ত হয়ে তাঁর গলায় দা ঠেকিয়ে জিম্মি করে তাঁর ছেলে দীপ্তকে দিয়ে আলমারি থেকে সব টাকা আনতে বলে।বিভূতি জানান, দীপ্ত আলমারি থেকে ৩৫ হাজার ৭০০ টাকা এনে সাগরের হাতে তুলে দেয়। এরপর সাগর তাকে বিছানায় ফেলে দা দিয়ে জবাইয়ের চেষ্টা করে। এ ঘটনা দেখে ফেলায় দীপ্তকে হাত-পা ও মুখ বেঁধে বাইরে নিয়ে যায় সাগর। হাসপাতালে স্বজনেরা জানান, দীপ্তর মৃত্যুর খবর বিভূতিকে এখনো জানানো হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান জানান, বিভূতির সঙ্গে সাগরের আগে কোনো বিরোধ বা মাদকের টাকা আগে নিয়েছিল কি না, তদন্ত করে দেখা হচ্ছে। সাগরের মুদি দোকান ছিল। দুই মাস আগে স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। এর পর থেকে সে মাদকাসক্ত হয়ে পড়ে। সে হেরোইন ও ফেনসিডিল সেবন করে পড়ে থাকত। মাঝেমধ্যে বাসায় ফিরলেও বাসার লোকজন তার সঙ্গে কথা বলত না।গতকাল সকালে গেন্ডারিয়া হাইস্কুলে গেলে প্রধান শিক্ষক মোস্তফা কামাল বলেন, দীপ্ত মেধাবী ছাত্র ছিল। পত্রিকা পড়ে তিনি তাকে হত্যার বিষয়টি জেনেছেন। গতকাল স্কুলের সব ক্লাস স্থগিত করা হয়। কাল মঙ্গলবার দীপ্ত হত্যাকাণ্ডের প্রতিবাদে গেন্ডারিয়া থানার সামনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা মানববন্ধন করবেন।গতকাল দুপুরে গেন্ডারিয়ার কেবি রোডে বিভূতির ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, ‘বাইরে থেকে বাসায় তালা। শনিবার রাতে তাঁর স্ত্রী শিউলি রানী দাস গেন্ডারিয়ার শাঁখারীনগরে ভাই শ্যামল কুমারের বাসায় চলে যান। সেখানে গিয়ে দেখা যায় মাতম। শিউলি বলেন, ‘আমার ছেলে ফাইনাল পরীক্ষায় প্রথম হয়েছিল। ও শিক্ষকদের মিষ্টি খাওয়ানোর আবদার করেছিল। আমি ওর আবদার পূরণ করেছি।’ তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘তোমরা ওকে এনে দাও, ওকে ছাড়া আমি বাঁচব না।’ গতকাল দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে দীপ্তর লাশ শাঁখারীনগরে আনা হলে শিউলি মরদেহের ওপর আছড়ে পড়েন। এ সময় সেখানে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। সন্ধ্যায় শ্যামপুরে পোস্তগোলা শ্মশানে দীপ্তর লাশ সমাহিত করা হয়। লালবাগের ঘটনায় গ্রেপ্তার নেই: কামরাঙ্গীরচরের মাতবর বাজারে রড-সিমেন্ট ব্যবসায়ী আবুল কাশেম হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার রাতে মামলা হয়েছে। তবে পুলিশ এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জানা যায়, শনিবার রাতে নিহত ব্যবসায়ী কাশেমের ছোট ভাই বিল্লাল হোসেন বাদী হয়ে কাশেমের বন্ধু মো. হানিফসহ অজ্ঞাতনামা লোকজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা কামরাঙ্গীরচর থানার এসআই আবদুল করিম জানান, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। কাশেমের সঙ্গে তাঁর বন্ধু হানিফ সারাক্ষণ থাকতেন। লাশ উদ্ধারের পর থেকে হানিফ পলাতক রয়েছেন। সন্দেহ করা হচ্ছে, হানিফ এ ঘটনার সঙ্গে জড়িত। তদন্ত কর্মকর্তা জানান, শুক্রবার রাতে বাসায় না ফেরায় পরদিন শনিবার সকালে স্বজনেরা দোকানের শাটার খুলে কাশেমের লাশ দেখতে পান। এরপর স্থানীয় ব্যবসায়ীরা হত্যাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ করেন।