কুমিল্লা নগর যুবদলের ৩ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক এস এম তৌহিদ ওরফে সোহেল হত্যা মামলার প্রধান আসামি জেলা যুবদলের সদস্য আহসান হাবিব ওরফে মিঠুকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকেই তাঁকে বহিষ্কার করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। যুবদল সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে যুবদলের নেতা তৌহিদের জানাজা শেষ হওয়ার পর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল এক জরুরি সভা ডাকে। নগরের একটি রেস্তোরাঁয় ওই সভা হয়। সভায় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ও সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন। সভায় উপস্থিত সব সদস্যই প্রকাশ্যে তৌহিদকে ছুরিকাঘাত করে হত্যার নিন্দা জানান। একই সঙ্গে দ্রুত আহসান হাবিবকে গ্রেপ্তারের দাবি জানানো হয়। এ প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান বলেন, ‘আহসান হাবিব অত্যন্ত ন্যক্কারজনক কাজ করেছেন। তৌহিদের মতো উদীয়মান নেতাকে হত্যা করে আহসান হাবিব ঘৃণিত কাজ করেছেন। ওই কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।’ গত রোববার বিকেলে কুমিল্লা নগরের রেইসকোর্স এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাত করে এস এম তৌহিদকে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী বদরুন নাহার জেলা যুবদলের সদস্য আহসান হাবিব এবং তাঁর সহোদর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। সংশোধনী: গত সোমবার ও গতকাল মঙ্গলবার প্রথম আলোর ৪ নম্বর পৃষ্ঠায় প্রকাশিত প্রতিবেদনে এস এম তৌহিদ ওরফে সোহেলের নাম এস এম তৌফিক ইসলাম ওরফে সোহেল ছাপা হয়। তা ছাড়া সোহেল ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক। একই সঙ্গে হত্যা মামলার প্রধান আসামি আহসান হাবিব ওরফে মিঠুর পরিচয় নগর যুবদলের সদস্য উল্লেখ করা হয়। প্রকৃতপক্ষে তিনি জেলা যুবদলের সদস্য।