ফেনীর দাগনভূঞায় এক বিধবাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে চার দিনেও পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
এদিকে গত বৃহস্পতিবার ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করে মামলার আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন। এ ছাড়া তিনি স্থানীয় কোরেশমুন্সি পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এসএসআই) রেজাউল করিমকে প্রত্যাহারের নির্দেশ দেন।
প্রসঙ্গত, গত সোমবার রাতে এক বিধবাকে সাইফুদ্দিন ওরফে লিটু নামে এক ব্যক্তি ধর্ষণ এবং ওই নারীর কাছ জোর করে কয়েকটি অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সাইফুদ্দিন ও তাঁর তিন সহযোগীর নাম উল্লেখ করে ১৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ শাহ আলম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।
গত বৃহস্পতিবার ফেনী সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করা হয়।
সাইফুদ্দিনের বড় ভাই জয়নাল আবদীন দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, সাইফুদ্দিন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সাইফুদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজিসহ বেশ কটি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ওই পরিবারের কোনো সদস্যের বিরুদ্ধে এলাকার কেউ কথা বলার সাহস পায় না।
পুলিশ সূত্র জানায়, কোরেশমুন্সি বাজার পুলিশ ক্যাম্পটি ধর্ষণের শিকার নারীর বাড়ির পাশে হওয়া সত্ত্বেও ঘটনা জানাজানির পর কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্যাম্পের এএসআই রেজাউল করিমকে গত বৃহস্পতিবার রাতে প্রত্যাহার করা হয়।
দাগনভূঞা থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।