বরগুনার আমতলী উপজেলায় প্রবাসীর বাড়িতে ডাকাতি শেষে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের মামলার আসামি শহিদুল ইসলাম ওরফে আকনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে আমতলী উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আদালতসশ্লিষ্ট সূত্র জানায়, শহিদুল ইসলামকে বৃহস্পতিবার দুপুরে আমতলী উপজেলা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক বৈজয়ন্তি বিশ্বাস কাল রোববার রিমান্ড আবেদন শুনানির দিন ধার্য করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
জানা গেছে, সোমবার রাতে আমতলী উপজেলায় মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে সাত-আটজনের এক দল ডাকাত ঢুকে স্বর্ণালঙ্কার ও টাকাসহ মালামাল লুট করে। ডাকাতি শেষে প্রবাসীর সপ্তম শ্রেণিপড়ুয়া ভাগনিকে ডাকাত দলের সদস্যরা ধর্ষণ করে। এতে ওই কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গৃহকর্তার ভাই ২৭ জানুয়ারি আমতলী থানায় একটি ডাকাতি ও ধর্ষণের অভিযোগে মামলা করেন।
আমতলী থানার ওসি সুকুমার রায় বলেন, ডাকাত দলের সদস্যদের ফেলে যাওয়া মুঠোফোনের সূত্র ধরে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে চাওড়া লোদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।