মামলার প্রধান আসামি মিনার চৌধুরীর জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যা মামলার প্রধান আসামি বিএনপির নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি মুক্তি পান। ফেনী কারাগারের জেলার দিদারুল আলম বলেন, গতকাল দুপুর আড়াইটার দিকে মিনার চৌধুরীর জামিনের আদেশ কারাগারে এসে পৌঁছে। এ আদেশের পরপরই তাঁকে মুক্তি দেওয়া হয়। ১৫ জুলাই হাইকোর্ট থেকে জামিন পান তিনি। জামিনের আদেশ ফেনীর মুখ্য বিচারিক হাকিমের আদালত হয়ে জেলা কারাগারে এসে পৌঁছে।
গত ২০ মে ফেনী শহর থেকে ফুলগাজী যাওয়ার পথে একাডেমি এলাকায় সন্ত্রাসীরা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হকের গাড়ির গতিরোধ করে। পরে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে তাঁকে হত্যা করা হয়।
এ ঘটনায় ওই দিন রাতেই একরামের ভাই রেজাউল হক জসিম বিএনপির নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখ ও ৩০-৩৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলাটি করেন। মিনার ছাড়া বাকিরা সবাই ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত। মিনার চৌধুরী গত উপজেলা পরিষদের নির্বাচনে একরামুলের মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন।
গত ২৭ মে ঢাকার কচুক্ষেত এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে মিনার চৌধুরীকে গ্রেপ্তার করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। হত্যাকাণ্ডে এ যাবৎ ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন হত্যার ঘটনায় কোনো না কোনোভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।