মামলার প্রস্তুতি নিচ্ছে মাহাবুবুরের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুর থানার পুলিশের হেফাজতে নিহত মাহাবুবুর রহমান ওরফে সুজনের (৩৫) পরিবার পুলিশের বিরুদ্ধে মামলা করবে বলে জানিয়েছে। গতকাল মঙ্গলবার তাঁর স্ত্রী মমতাজ সুলতানা বলেন, থানায় মামলা না নিলে তিনি আদালতে গিয়ে মামলা করবেন।
গত শনিবার মধ্যরাতে ধানমন্ডির শংকরের বাসা থেকে মাহাবুবুরকে ধরে আনে মিরপুর থানার পুলিশ। রোববার সকালে তিনি মারা যান। পরিবারের অভিযোগ, ঝুট ব্যবসায়ী নুরুলকে চাঁদার দাবিতে পিটিয়ে মেরেছেন মিরপুর থানার উপপরিদর্শক জাহিদুর রহমান খানসহ অন্যরা। আর পুলিশ বলছে, মাহাবুবুর তাঁদের তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন, হাজতে তাঁর শ্বাসকষ্ট শুরু হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে তাঁর মৃত্যু হয়।
নিহত ব্যক্তির শ্যালক ওমর ফারুক হাসান বলেন, পিটিয়ে হত্যা এবং নারী ও শিশু নির্যাতনের অভিযোগে দুটি আলাদা মামলা করা হবে। পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত মূলত এসআই জাহিদ ও আসাদ। কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশ বা প্রশ্রয় ছাড়া এটা সম্ভব নয়। তাই ওসিকেও মামলায় আসামি করা হবে।
এ সম্পর্কে মিরপুর থানার ওসি সালাহউদ্দিন খান বলেন, মামলা দায়েরের জন্য কেউ থানায় এলে অবশ্যই আইন মোতাবেক ব্যবস্থা
নেওয়া হবে। তবে তাঁর ইন্ধন বা প্রশ্রয়ের অভিযোগ সম্পূর্ণ কল্পনাপ্রসূত বলে তিনি দাবি করেন।