মামলার বাদীকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে মামলার বাদী চন্দ্রবান বানুকে (৩৫) কুপিয়ে হত্যা করল আসামিরা। গত রোববার রাত নয়টায় নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকায় এ ঘটনা ঘটে।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০০৬ সাল থেকে সদর উপজেলার ভগীরথপুর এলাকার মোহাম্মদ আলী ও একই এলাকার আলী আহমেদের বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে একে অপরের বিরুদ্ধে থানায় ও আদালতে মামলা করেন। ২০০৯ সালে নিহত চন্দ্রবান বানুর দায়ের করা মামলায় আলী আহমেদসহ তাঁর পক্ষের সালেহ আহমেদ, হাসিনা বেগম, হাসনা বেগম কারাগারে যান। রোববার জামিনে কারাগার থেকে বের হয়ে এলাকায় আসার পর থেকে তারা মামলার বাদী চন্দ্রবান বানুকে মারার জন্য ওত পেতে থাকে। রোববার রাত নয়টার দিকে চন্দ্রবান বানু তাঁর প্রতিবেশী নজরুল ইসলামের বাড়ি থেকে নিজ বাড়িতে আসার সময় আলী আহমেদের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। পরে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।