কক্সবাজারের মহেশখালীতে প্যারাবনের গাছ নিধনের ঘটনায় দায়ের করা মামলার বাদী বন বিভাগের বিট কর্মকর্তা মিজানুর রহমানকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় নিরাপত্তার কারণে তিনি এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। অবৈধভাবে চিংড়িঘের নির্মাণ করতে গিয়ে ভূমিদস্যুরা প্যারাবনের প্রায় এক হাজার ৬০০ গাছ নিধন করে। এ ঘটনায় মিজানুর রহমান মহেশখালী থানায় মামলা করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা মৌজার বড়দিয়ার ভাঙ্গার খালে গত ২৭ নভেম্বর পাঁচ শতাধিক শ্রমিক নিয়ে প্যারাবন নিধন করে অবৈধভাবে চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করে ভূমিদস্যুরা। ৩০ নভেম্বর আবারও শ্রমিক নিয়ে প্যারাবন নিধন করে ঘের নির্মাণ করতে গেলে গোরকঘাটা রেঞ্জের বন কর্মকর্তা ও কর্মচারীরা বাধা দেন। এ সময় তাঁদের ওপর হামলা চালানো হয়। ৩০ নভেম্বর প্যারাবন নিধন করে অবৈধভাবে চিংড়িঘের নির্মাণের ঘটনায় স্থানীয় বড়দিয়া বিট কর্মকর্তা মিজানুর রহমান মহেশখালী থানায় মামলা করেন। এতে মুজিবুর রহমান, এ কে ফজল, মদন আলী, শাহ আলম, শরীফ বাদশাহ, নুরুল হকসহ অজ্ঞাত আরও ২৫ জনকে আসামি করা হয়। মিজানুর রহমান অভিযোগ করেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা করায় তাঁকে নানাভাবে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় নিরাপত্তার জন্য তিনি এলাকা ছেড়ে গোরকঘাটা কার্যালয়ে আশ্রয় নিয়েছেন।গোরকঘাটা রেঞ্জ কার্যালয় সূত্র জানায়, ১৯৯১ ও ১৯৯৩ সালে উপকূলীয় বাঁধ রক্ষা করার জন্য বড়দিয়ায় প্রায় এক হাজার ২০০ একর জায়গায় প্যারাবন সৃজন করা হয়। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত প্রায় ৪০০ একরের প্যারাবন নিধন করে স্থানীয় ভূমিদস্যুরা অবৈধভাবে চিংড়িঘের নির্মাণ করে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্যারাবন নিধন বন্ধ থাকলেও সম্প্রতি ভূমিদস্যুরা প্যারাবন নিধন করে চিংড়িঘের নির্মাণের তত্পরতা শুরু করে।গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা জাহাঙ্গীর ইকবাল জানান, বড়দিয়া বিটের অধীনে সাতজন লোক থাকার কথা থাকলেও আছেন মাত্র দুজন। লোকবল সংকটের কারণে প্যারাবন রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ জানান, ভূমিদস্যুদের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত চলছে। তবে বিট কর্মকর্তাকে হুমকি দেওয়ার বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন জানান, গাছ নিধন জঘন্যতম অপরাধ। যারা গাছ নিধন করেছে, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানাকে বলা হয়েছে।