মামলার বাদীকে প্রাণনাশের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর গ্রামের স্কুলছাত্র তাজ মোহাম্মদকে (৮) অপহরণ ও হত্যার ঘটনায় করা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষের লোকজন বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাদী ও ওই শিশুর বাবা রোববার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।আসামিদের হুমকির কারণে ওই শিশুর মা হেলেনা ইয়াসমিনও ভয় ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। এদিকে এ মামলার আসামি ভুলু সরদারকে নির্দোষ বলে দাবি করেছেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন।মামলা সূত্রে জানা গেছে, দাদপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে তাজ মোহাম্মদকে ১৬ জুলাই বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী তিন যুবক অপহরণ করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনা সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটকের পর অপহরণকারী দলের সদস্য দাদপুর গ্রামের হেমায়েত সরদারের (২২) স্বীকারোক্তি অনুযায়ী পরদিন রাজবাড়ীর পাংশা উপজেলার লস্কারদিয়া গ্রামের একটি পাটখেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় ১৮ জুলাই হারুন অর রশিদ বোয়ালমারী থানায় হত্যা মামলা করেন। মামলায় দাদপুর গ্রামের হেমায়েত সরদার, আকতার মুন্সি, ছাকেদ সরদার, ভুলু সরদার ও তাঁর ছেলে শিপন সরদারকে আসামি করা হয়। পুলিশ শুধু হেমায়েতকে গ্রেপ্তার করতে পেরেছে।বাদী হারুন অর রশিদ বলেন, ‘পূর্বশত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধ থাকায় আসামিরা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে। এখন ভুলু সরদারের চাচা বালাম সরদার, ছেলে মামুন সরদারসহ কয়েকজন মামলা তুলে নেওয়ার জন্য আমাকে হুমকিধমকি দিচ্ছেন। নিরাপত্তাহীনতার কারণে আমি থানায় জিডি করেছি।’শিশুটির মা দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা ইয়াসমিন বলেন, ‘আমার স্বামী ঢাকায় অবস্থান করছেন। আসামিপক্ষের হুমকিধমকিতে আমি বেশি নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, বাদীকে হুমকির ঘটনাটি সরেজমিনে তদন্ত করে দেখব। অপহরণে ব্যবহূত মোটরসাইকেলটি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। আসামি ভুলু সরদারকে পাওয়া গেলে এ হত্যার মূল রহস্য জানা যাবে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন বলেন, ভুলু সরদার কোনোভাবেই তাজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি গ্রাম্য দলাদলির শিকার।