মামলার বাদীকে সন্ধ্যায় অপহরণ ভোরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ (উত্তর) ইউনিয়নের তারাপল্লা গ্রামের আলী আরশাদ মার্কেটের সামনে থেকে রোববার সন্ধ্যায় আবুল কালাম (৩০) নামের এক ব্যক্তিকে স্থানীয় সন্ত্রাসীরা অপহরণ করে। গতকাল সোমবার ভোরে হাজীগঞ্জ ও কচুয়া থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে কচুয়ার গুলবাহার কলেজের ছাত্রাবাস থেকে তাঁকে উদ্ধার করেছে।
আবুল কালাম তারাপল্লা গ্রামের পশ্চিম পাড়ার আমির খাঁর ছেলে। তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি তাঁর ছোট ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় স্থানীয় সন্ত্রাসীরা তাঁদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায়। ওই ঘটনায় তিনি হাজীগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলার আসামিরাই তাঁকে অপহরণ করেন।
আবুল কালাম বলেন, ওই মামলার আসামিরা রোববার সন্ধ্যায় আলী আরশাদ মার্কেটের সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। অপহরণকারীরা প্রথমে তাঁকে কচুয়া বাজারে একটি দোতলা বাসভবনে নিয়ে বেধড়ক মারধর করে। এ সময় অপহরণকারীরা মুঠোফোনে তাঁর পরিবারের সদস্যদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পুলিশের অভিযান টের পেয়ে রাত ১১টার দিকে অপহরণকারীরা তাঁকে গুলবাহার কলেজের ছাত্রাবাসে নিয়ে আটকে রাখে। সেখান থেকে ভোরে পুলিশ তাঁকে উদ্ধার করে। এ ঘটনায় গতকাল সকালে কালামের ভাই আবুল বাশার মামলা করেছেন।