মামলার বাদীকে হত্যার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ফরিদ জমাদ্দার হত্যা মামলায় বাদীকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মামলার বাদী নিহতের বড় ভাই মো. শাহ জালাল জমাদ্দার এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি করেছেন। শাহ জালাল বলেন, গত বুধ ও গতকাল বৃহস্পতিবার তাঁর মুঠোফোনে তিনটি নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজসহ ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে মামলা তুলে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়। তা না হলে তাঁকেসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়। এরপর তিনি পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য জিডি করেন। এদিকে শিক্ষক ফরিদ জমাদ্দার হত্যার প্রতিবাদে সর্বদলীয় শিক্ষক সংগ্রাম পরিষদের লাগাতার কর্মসূচির সপ্তম দিন ছিল গতকাল। এদিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে কালো পতাকা উত্তোলন ও বিকেলে গৌরনদী আল হেলাল একাডেমিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক আ. ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন টি এম আলতাফ হোসেন, কুতুব উদ্দিন আহম্মেদ, শওকত হোসেন প্রমুখ।পিঙ্গলাকাঠি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদ জমাদ্দারকে গত ২২ সেপ্টেম্বর বিদ্যালয়ে যাওয়ার পথে কুপিয়ে হত্যা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, যে তিনটি নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষের মাধ্যমে সেগুলোর মালিকানা যাচাই করে দেখা হচ্ছে।