মামলার বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ শাব্বিরের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক এম এম শাব্বির হাসান গ্রেপ্তার হওয়ার পর থেকে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ’ করছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীকে তিনি হুমকি দিচ্ছেন। তাঁর ভাই হাফিজ আল জিহাদ গত সোমবার দুপুরে র‌্যাবের বিরুদ্ধে আদালতে লিখিত অভিযোগ করেন। এতে র‌্যাব তাঁর ভাইয়ের ক্ষতি করতে পারে বলে অভিযোগ করা হয়।গত রোববার রাতে আগ্রাবাদে দুদকের কার্যালয়ে ১০ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় শাব্বিরকে গ্রেপ্তার করেন র‌্যাবের সদস্যরা। পরদিন সোমবার রাতে তাঁকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার বিকেলে তাঁর বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় দণ্ডবিধির ১৬১ এবং দুদক আইনের ৫(২) ধারায় মামলা হয়।অভিযোগ পাওয়া গেছে, পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে অভিযোগ এনে ৫০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন শাব্বির। পরে দরকষাকষি করে ঘুষের অঙ্ক ৩০ লাখ টাকায় নামিয়ে আনা হয়। রোববার রাতে প্রথম কিস্তির ১০ লাখ টাকা দেওয়ার সময় শাব্বিরকে র‌্যাবের সদস্যরা গ্রেপ্তার করেন। ফোর এইচ গ্রুপের পরিচালক গাওহার সিরাজ ডবলমুরিং থানায় প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ‘শাব্বির গ্রেপ্তার হওয়ার পরও কোনো অনুশোচনা করেননি। বরং দ্রুত তিনি বেরিয়ে আমাদের দেখে নেবেন বলে হুমকি দেন। তাঁর এই ঔদ্ধত্যপূর্ণ আচরণে আমি শঙ্কিত।’প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায়, রোববার রাতে ঘুষের টাকা লেনদেনের দৃশ্যটি ভিডিওতে ধারণ করা হয়েছে। র‌্যাবের হেফাজতে নেওয়ার পর তিনি সহকর্মী ও আত্মীয়দের সঙ্গে কথা বলেন। আত্মীয়দের সঙ্গে আলাপের একপর্যায়ে তিনি মন্তব্য করেন, তাঁর গ্রেপ্তারের পেছনে সরকারের উচ্চপর্যায়ের একজনের হাত ছিল।র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ হোসাইন নিশ্চিত করেন, ‘র‌্যাবের সদস্যদের হেফাজতে থাকাকালে শাব্বির সরকারের উচ্চপর্যায়ের বিরুদ্ধে মন্তব্য করেন বলে আমরা অভিযোগ পেয়েছি। তাঁর ঔদ্ধত্যপূর্ণ আচরণ দুঃখজনক।’র‌্যাব সূত্র জানায়, ঘুষের টাকা লেনদেনের বিষয়টি গোপন রাখতে র‌্যাবের কর্মকর্তা কঠোর গোপনীয়তা বজায় রেখেছিলেন। তিনি স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি না জানিয়ে সরকারের উচ্চপর্যায় থেকে অভিযান চালানোর অনুমতি নেন। সবুজ সংকেত পাওয়ার পরই র‌্যাবের সদস্যরা আগ্রাবাদের কার্যালয়ে যান।দুদকের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক মেজর ফয়সাল পাশা বলেন, ‘হুমকি দিয়ে শাব্বির আর কী করতে পারবেন? তিনি তো এখন আইনের আওতায়। আইন নিজস্ব গতিতে চলবে। অপরাধ করে কারোর পার পাওয়ার সুযোগ নেই।’এক প্রশ্নের জবাবে মেজর ফয়সাল বলেন, ‘শাব্বির গ্রেপ্তার হওয়ার পরদিন আমি দুদকের চট্টগ্রাম কার্যালয়ে যোগ দিয়েছি। তাঁর হুমকির বিষয়টি আমিও শুনেছি। কেউ অভিযোগ দিলে আমরা তা খতিয়ে দেখব।’জামিন নামঞ্জুর: গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম মুনতাসির আহমেদ দুদকের কর্মকর্তা শাব্বিরের জামিন নামঞ্জুর করেছেন। একই আদালত তাঁর আরও দুটি আবেদনের ওপর শুনানির পর তা নিষ্পত্তি করেন। সোমবার শাব্বির আদালতে চারটি আবেদন করেন।আদালত সূত্র জানায়, শাব্বির জামিন ছাড়াও কারাগারে ডিভিশন দাবি ও কারা হাসপাতালে থাকার আবেদন করেন। এ ছাড়া আদালতের দিবসের সময়সূচি পেরিয়ে যাওয়ার পর সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় কেন তাঁকে আদালতে হাজির করা হয়েছে, সে ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাখ্যা চেয়ে আবেদন করেন। সোমবার আদালত একটি আবেদনের নিষ্পত্তি করে বাকি তিনটির ওপর মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।দুদকের কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ বলেন, আদালত তিনটি আবেদনের নিষ্পত্তি করেন। এর মধ্যে শাব্বিরের জামিন নামঞ্জুর ও ডিভিশনের ব্যাপারে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আদেশ দেন। আর দেরিতে আদালতে হাজির করা প্রসঙ্গে আদালত নগরের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সতর্ক করে দেন।প্রতিবেদন ঢাকায়: রোববার রাত থেকে পরদিন সোমবার ভোর পর্যন্ত আগ্রাবাদ দুদক কার্যালয়ে র‌্যাবের অভিযান ও দুদকের কর্মকর্তা শাব্বির গ্রেপ্তার হওয়ার বিষয়ে একটি প্রতিবেদন ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।দুদকের পরিচালক মেজর ফয়সাল বলেন, ‘আইন অনুযায়ী আমরা ঢাকায় প্রতিবেদন পাঠিয়েছি। এ ব্যাপারে কমিশন পরবর্তী সিদ্ধান্ত নিয়ে আমাদের জানাবে।’