বাদীর কাছে সুবিচার চাইতে গেলেন আসামি। বাদী দুর্নীতি দমন কমিশন (দুদক)। আসামি সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভুঁইয়া। অভিযোগ, পদ্মা সেতু নিয়ে দুর্নীতির ষড়যন্ত্র করা।
গত মঙ্গলবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে দুদকের চেয়ারম্যানসহ কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ করেন সাবেক সেতুসচিব।
সাবেক সেতুসচিবের সঙ্গে কী আলোচনা হয়েছে জানতে চাইলে দুদকের চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘তিনি বলেছেন, তিনি ন্যায়বিচার চান। তিনি তাঁর মতো করে বলেছেন। আমি বলেছি, তদন্ত দল তাদের স্বাভাবিক নিয়মে তদন্তকাজ পরিচালনা করবে।’ মামলার আসামিকে সাক্ষাতের অনুমতি দিয়েছিলেন দুদকের চেয়ারম্যানই। বদিউজ্জামান গতকাল বুধবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘সাবেক সেতুসচিব সৌজন্য সাক্ষাতের পারমিশন (অনুমতি) চেয়েছেন। আমি দিয়েছি।’ দুদকের চেয়ারম্যান বলেন, ‘তিনি আসামি এটা ঠিক, তবে জামিনপ্রাপ্ত। তাই তাঁর সঙ্গে দেখা-সাক্ষাতে কোনো আইনগত বাধা নেই।’
মোশাররফ হোসেনকে সম্মানিত ব্যক্তি উল্লেখ করে দুদকের চেয়ারম্যান বলেন, ‘বর্তমানে তিনি ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্ত) আছেন, আবার তিনি তাঁর পোস্টে (পদে) চলে যাবেন।’
মামলার আসামির সঙ্গে সাক্ষাতের ফলে তদন্তে নেতিবাচক প্রভাব পড়বে কি না?—জানতে চাইলে দুদকের চেয়ারম্যান বলেন, ‘তাঁর প্রভাব খাটানোর সুযোগ ছিল না। সুযোগ নেইও।’
মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে জানতে চাইলে বদিউজ্জামান বলেন, ‘সম্ভবত আগামী ৯ সেপ্টেম্বর দুদকের একটি দল তথ্য সংগ্রহ করতে কানাডায় যাবে।’
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে গত ১৭ ডিসেম্বর দুদকের উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ বাদী হয়ে রাজধানীর বনানী থানায় (মামলা নম্বর ১৯) মোশাররফ হোসেন ভুঁইয়াসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করা হয় এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়। পরে তিনি জামিনে মুক্ত হয়ে আসেন। এরপর তাঁর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাঁকে ওএসডি হিসেবে রাখা হয়েছে।