নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যের বিরুদ্ধে করা মামলার বিচার শিশু আদালতে কেন হবে না, রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কাছে তা জানতে চেয়েছেন আদালত। গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী রাষ্ট্রপক্ষের কৌঁসুলির কাছে এ প্রশ্ন করেন।
২০১৫ সালের ৪ সেপ্টেম্বর নগরের আকবর টিলা এলাকায় ‘লেংটা ফকিরের মাজার’ নামে পরিচিত একটি ঘরে গলা কেটে হত্যা করা হয় রহমত উল্লাহ ওরফে লেংটা ফকির ও তাঁর খাদেম আবদুল কাদেরকে। ঘটনার পর বোমা ফাটিয়ে চলে যায় হত্যাকারী। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা করা হয়।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে বলেন, বায়েজিদ বোস্তামী থানায় এক জঙ্গির বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে করা মামলায় এক শিশু সাক্ষী রয়েছে। মামলার ২৫ সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যও নেওয়া হয়। কিন্তু ১২ বছর বয়সী শিশুর সাক্ষ্য কেন শিশু আদালতে হবে না, তা জানতে চেয়েছেন আদালত। আদালতের কাছে সময়ের আবেদন করা হয়েছে। পরবর্তী ধার্য দিনে আদালতের জিজ্ঞাসার জবাব দেওয়া হবে।
মামলার তদন্ত চলাকালে গত বছরের ৫ অক্টোবর খোয়াজনগর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, গ্রেনেডসহ জেএমবির পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের একজন সুজন ওরফে বাবু পরদিন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তিনি বলেন, তাঁদের নেতা রাইসুল ইসলাম ওরফে ফারদিনের (এ বছরের এপ্রিল মাসে বগুড়ায় বোমা বিস্ফোরণে নিহত) নির্দেশে লেংটা ফকির ও তাঁর খাদেমকে খুন করা হয়। তদন্ত শেষে নগর গোয়েন্দা পুলিশ সুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। চাঞ্চল্যকর মামলা হিসেবে বিচারের জন্য গত অক্টোবর মাসে মামলাটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে ট্রাইব্যুনালে আসে।