ঢাকা দক্ষিণ: ওয়ার্ড—১৩: চামেলীবাগ, আমিনবাগ, রাজারবাগ পুলিশ লাইন, পুরানা পল্টন
মামলার বোঝা মাথায় বিএনপির প্রার্থী

মঙ্গলবার। রাত প্রায় সাড়ে আটটা। রাজধানীর নয়াপল্টনের পলওয়েল মার্কেটের পূর্ব পাশের গলিপথ। তিন তরুণ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছিল—‘আছে, আছে, লাগবে নাকি?’ অনেকেই বুঝতে পারছিলেন না। কিন্তু সমবয়সীরা তাদের কাছে গিয়ে ফিসফিস করছে। কী আছে তাদের কাছে?
পলওয়েল মার্কেটের কয়েকজন ব্যবসায়ী বললেন, কী নেই তাদের কাছে? গাঁজা, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা সবই পাওয়া যায়। পুরো এলাকায় এদের নেটওয়ার্ক। বিকেল থেকেই শুরু হয় মাদক বিক্রি।
খোঁজ নিয়ে জানা গেল, পল্টন থানা থেকে ৩০০ গজ দূরে গাজী ভবন শপিং কমপ্লেক্স, জোনাকী সিনেমা, ইস্টার্ন প্লাসসহ বিপণিবিতানগুলোর সামনে, কালভার্ট রোড, পুরানা পল্টন লাইন, পোলপাড়—সর্বত্রই মাদক বিক্রেতাদের এজেন্ট আছে। বছরের পর বছর মাদক বিক্রি ও সেবন চলছে এই এলাকায়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত এই এলাকা। চামেলীবাগ, আমিনবাগ, রাজারবাগ পুলিশ লাইন, পুরানা পল্টন, জিপিও, বায়তুল মোকাররম স্টেডিয়াম এলাকাও এই ওয়ার্ডের অন্তর্ভুক্ত।
এখানে সমস্যার শেষ নেই। চামেলীবাগ ইস্টার্ন প্লাস ও পুরানা পল্টন হাউস বিল্ডিং ভবনের পেছনে এবং আশপাশের এলাকার রাস্তাঘাট ক্ষতবিক্ষত। শান্তিনগরের বাসিন্দা রায়হান বিন কাশেম বললেন, শুকনা অবস্থাতেই ইস্টার্ন প্লাসের পেছনের রাস্তার এই দশা, বৃষ্টি হলে হাঁটাই দায়!

পুরানা পল্টন লাইন, ভাসানী রোডসহ বেশির ভাগ এলাকায় ওয়াসার পানিতে পয়োবর্জ্যের গন্ধ। ভাসানী রোড এলাকার গৃহবধূ শাহীন বললেন, ‘পানি গরম করার পরও খাওয়া যায় না। তখন ইচ্ছে করে হাঁড়িটাই ফেলে দিই।’
বৃষ্টি হলেই জলাবদ্ধ হয়ে পড়ে চামেলীবাগ, পুরানা পল্টনের অনেক রাস্তা। রূপানন টাওয়ারের বাসিন্দা চিন্ময় ঘোষ জানালেন, ওয়াসার লোকদের বললে সিটি করপোরেশনের দোষ দেয়। সিটি করপোরেশন বলে, এলাকাটি নিচু, কিছু করার নেই।
এত সব সমস্যা ছাপিয়ে মাদকই সবার মাথাব্যথার কারণ। চামেলীবাগ ভাসানী রোডের কয়েকজন বাসিন্দা জানান, তাঁদের ছেলেরা কোচিং করার নাম করে রাত করে বাসায় ফেরে। পরে জানতে পারেন, তারা মাদক সেবন করে, তাই দেরিতে বাসায় আসে। অসহায় এক অভিভাবক বললেন, টাকা না দিলে তাঁর ছেলে ঘরের জিনিসপত্র বিক্রি করে।
সিটি করপোরেশন নির্বাচনে এই ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোস্তফা জামান ওরফে পপি। ওয়ার্ড আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বললেন, নির্বাচিত হলে তাঁর প্রথম কাজ হবে মাদক-সন্ত্রাস প্রতিরোধ করা। তিনি জানান, মালিবাগ, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার বহিরাগতরা এসে এই এলাকার বিভিন্ন বিপণিবিতানের সামনে মাদক ব্যবসা করেন। এলাকায় মহল্লাভিত্তিক সামাজিক কমিটি আছে। নির্বাচিত হলে এদের নিয়ে তিনি মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী ও পল্টন থানা বিএনপির সদস্যসচিব লোকমান হোসেন ফকিরও মাদকের বিরুদ্ধে কঠোর। নির্বাচিত হলে মাদক দমনই হবে তাঁর অন্যতম প্রধান কাজ। তবে এই মুহূর্তে তাঁর যত চিন্তা নির্বাচন নিয়ে। জানালেন, তাঁর বিরুদ্ধে ৪৪টা মামলা। তাই বেরোতে পারছেন না। তাঁর লোকজনও গ্রেপ্তার-আতঙ্কে রয়েছেন। প্রতিপক্ষের লোকেরা তাঁদের ভয়ভীতি দেখাচ্ছেন।

লোকমান হোসেন বললেন, নির্বাচিত হলে তিনি সেবা খাতের সমস্যা সমাধানের বিষয়ে যতটা ক্ষমতা, ততটাই প্রয়োগ করবেন। তবে এমন কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন না, যেটা হবে শুধুই ভণ্ডামি। কারণ সিটি করপোরেশন আটটি মন্ত্রণালয় ও ৫২টি অধিদপ্তরের সঙ্গে সম্পৃক্ত। একজন ওয়ার্ড কাউন্সিলের পক্ষে এগুলো ডিঙিয়ে কাজ করা সম্ভব নয়।
লোকমান হোসেন তাঁর পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন। বললেন, ১৮ এপ্রিল মাঝরাতের ঝড়বৃষ্টির পর পলিথিন দিয়ে নতুন করে নয় হাজার পোস্টার লাগানো হয়েছিল। দুই-তিন ঘণ্টার মধ্যে প্রায় ছয় হাজার ছিঁড়ে ফেলা হয়। আইন রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য অতি উৎসাহী হয়ে প্রচারে বাধা দিচ্ছেন।
অন্যান্য প্রার্থী: ২০০২ সাল থেকে ১৩ (সাবেক ৩৬) নম্বর ওয়ার্ডে জামায়াতে ইসলামীর খন্দকার আবদুর রব কাউন্সিলর ছিলেন। এবার তাঁর স্ত্রী আঞ্জুমান আরা জামায়াতের কাউন্সিলর প্রার্থী। তবে নির্বাচন কমিশন যে বৈধ তালিকা প্রকাশ করেছে, সেখানে তাঁর নাম পাওয়া যায়নি। জানা গেছে, উচ্চ আদালতের রায় নিয়ে তিনি নির্বাচন করছেন। গতকাল বুধবার তাঁকে এলাকায় পাওয়া যায়নি। মুঠোফোনও বন্ধ।
আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড কাউন্সিলর কামাল চৌধুরী বলেন, তিনি বৈধ প্রার্থীর তালিকায় থাকলেও সরে গিয়ে দল-মনোনীত প্রার্থীকে সমর্থন দিচ্ছেন। বিএনপির নেতা কাজী হাসিবুর রহমান বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেও মামলার কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে এলাকায় জানা যায়।