মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয়ে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী হাসিনা আকতার হত্যা মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয়ে আছেন পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, হত্যা মামলার আসামিরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে ময়নাতদন্ত প্রতিবেদন পক্ষে নেওয়ার চক্রান্ত চালাচ্ছে।
গত ২৯ মার্চ বিকেলে কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের মাইজপাড়ার শ্বশুরবাড়ি থেকে হাসিনা আকতারের (২২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি কক্সবাজার সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
হাসিনার পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা না পেয়ে স্বামী ইয়াছিন আরাফাতসহ তাঁর পরিবারের সদস্যরা শ্বাসরোধ করে হাসিনাকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করে।
এ ঘটনায় ইয়াছিন আরাফাতসহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে।
গতকাল শনিবার হাসিনার পরিবারের সদস্যরা মামলার ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন। হাসিনার মা জহুরা বেগম ও ছোট ভাই দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, হাসিনা হত্যা মামলার কোনো আসামি এখন পর্যন্ত ধরা পড়েনি। উল্টো আসামিরা কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সোলতান আহমদ সিরাজীর সঙ্গে মোটা অঙ্কের টাকায় বোঝাপড়া করেছে। এ ব্যাপারে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়ককে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে।
তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে আরএমও সোলতান আহমদ বলেন, দেখেশুনে ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। সিভিল সার্জন পু চ নু বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে যেন গরমিল না হয়, সে ব্যাপারে খোঁজ রাখা হচ্ছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, আসামিদের ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। কিন্তু আসামিরা ঘরবাড়ি ফেলে আত্মগোপন করায় তাদের ধরা যাচ্ছে না।