মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ
চাঁদপুরের হাজীগঞ্জে মামলায় জড়ানোর ভয় দেখিয়ে পাঁচ ব্যবসায়ীর কাছ থেকে রেভিনিউ স্ট্যাম্প ও কোর্ট ফি ফরমের লক্ষাধিক টাকা হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে তাঁঁদের কাছ থেকে কয়েক দিন আগে এ অর্থ আদায় করা হয়।
হাজীগঞ্জ থানা সূত্র জানায়, গত ২৮ আগস্ট জাল রেভিনিউ স্ট্যাম্প ও বিভিন্ন মূল্যের জাল কোর্ট ফি বিক্রির অভিযোগে ব্যবসায়ী আনোয়ার ভূঁইয়াকে (৩৮) আটক করেন এসআই নিজাম। এ ঘটনায় আনোয়ারসহ অজ্ঞাতনামা আরেক স্ট্যাম্প ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেন তিনি।
ভুক্তভোগী ব্যবসায়ীরা অভিযোগ করেন, হাজীগঞ্জ কওমি মাদ্রাসা মার্কেটের দোকানে এসব জাল স্ট্যাম্প ও কোর্ট ফি ফরম বিক্রির সময় আনোয়ারকে গ্রেপ্তার করা হয়। এ সময় মার্কেটে স্ট্যাম্প বিক্রিকারী বন্ধু স্টোর, তামিম টেলিকম, ফরাজী টেলিকম, স্বর্ণালি টেলিকম ও বিসমিল্লাহ কনফেকশনারি নামের পাঁচ দোকানের মালিকদের আটক না করে মামলায় জড়ানোর ভয় দেখান পুলিশ কর্মকর্তা।
বন্ধু স্টোরের জাবেদ হোসেন বলেন, ‘ইসলামী ব্যাংকের হাজীগঞ্জ শাখায় রেভিনিউ স্ট্যাম্প লাগে। দুই মাস আগে ব্যাংক থেকে এগুলো জাল বলে জানালে আমি স্ট্যাম্প বিক্রি বন্ধ করে দিই। তার পরেও মামলা থেকে বাঁচতে এসআই নিজামকে ২৫ হাজার টাকা দিতে হয়েছে। আমি ছাড়াও তামিম, ফরাজী ও স্বর্ণালির মালিকদেরও এসআই নিজামকে ২৫ হাজার টাকা করে দিতে হয়েছে।’
বিসমিল্লাহ কনফেকশনারির বিল্লাল হোসেন বলেন, ‘ঘটনার দিন আমার কাছে টাকা ছিল না। শেষ পর্যন্ত গত শুক্রবার তাঁকে পাঁচ হাজার টাকা দিয়েছি।’
জানতে চাইলে এসআই নিজাম বলেন, ‘এ বিষয়ে কাউকে কিছু বলে লাভ হবে না।’ এ ব্যাপারে তিনি আর কিছু বলতে চাননি। হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন বলেন, ‘কাউকে মামলার ভয় দেখিয়ে টাকাপয়সা আদায়ের বিষয়টি আমার জানা নেই।’
পুলিশ সুপার আমির জাফর বলেন, ‘অভিযোগটি আমি খতিয়ে দেখছি। সত্য প্রমাণিত হলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’