মামলার ভয় দেখিয়ে টাকা আদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর থানার উপপরিদর্শক (এসআই) সালাহ উদ্দীনের বিরুদ্ধে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল রোববার ওই ব্যক্তি পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সিঙ্গাইরের বায়রা ইউনিয়নের সানাইল গ্রামে নিজ বাড়ির পাশে মুদির দোকানদারি করেন হরিবালা বাড়ই।
গত ১৪ জুন সাদাপোশাকে এসআই সালাহ উদ্দীন ও আরও দুই পুলিশ সদস্য মোটরসাইকেলে করে ওই দোকানে গিয়ে হরিবালাকে খুঁজতে থাকনে।
এ সময় দোকানে তাঁর ছেলে জয় বাড়ই ছিলেন। এরপর ছেলেকে দিয়ে মুঠোফোনে তাঁকে দোকানে ডেকে আনা হয়।
দোকানে আসার পরপরই হরিবালাকে আটক করে গাঁজা ব্যবসার মামলার ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন সালাহ উদ্দীন। কিন্তু তিনি মাদক ব্যবসার অভিযোগ অস্বীকার করে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সালাহ উদ্দীন তাঁর ওপর ক্ষিপ্ত হন। পরে মামলা থেকে রক্ষা পেতে ওই এসআইকে ২০ হাজার টাকা দেন তিনি।
হরিবালা বাড়ই বলেন, বাড়ির কাছে ছোট দোকান করে স্ত্রী ও সন্তানদের নিয়ে দিনযাপন করছেন তিনি। মাদকের মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে দুই প্রতিবেশীর কাছ থেকে ধার করে এসআই সালাহ উদ্দীনকে ২০ হাজার টাকা দিয়েছেন তিনি।
অভিযোগ অস্বীকার করেছেন এসআই সালাহ উদ্দীন। তিনি বলেন, তিনি সিঙ্গাইর থানা এলাকায় বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তাদের কারাগারে পাঠিয়েছেন। এ কারণে কেউ শত্রুতা করে তাঁকে ফাঁসানোর চেষ্টা করতে পারেন।
পুলিশ সুপার মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, সালাহ উদ্দীন বেশ কিছু মাদকবিরোধী অভিযান চালিয়েছেন। অনেককে গ্রেপ্তারও করেছেন। এ কারণে কেউ তাঁকে ফাঁসানোর চেষ্টা করে থাকতে পারেন। তবে অভিযোগ তদন্ত করে দেখা হবে।