মামলার ভয়ে কবিতা লিখতে পারছি না: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ মামলার ভয়ে কবিতা লিখতে পারছেন না। কবিতা লিখতে বসলেই মামলার কথা মনে পড়ে। তিনি আবেগ হারিয়ে ফেলেন, মনে হয়, কাল তো কোর্টে যেতে হবে।
গত শনিবার রাতে সুনামগঞ্জ শহরে ‘মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তারুণ্যের বসন্ত উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এসব কথা বলেন। শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় সামাজিক সংগঠন ‘আড্ডা’ এই উৎসবের আয়োজন করে। এরশাদ দুঃখ করে বলেন, ‘আমি একজন শৃঙ্খলিত রাজনীতিবিদ। মনের কথা খুলে বলতে পারি না। আবেগ হারিয়ে ফেলেছি। আমি তরুণ নই, কিন্তু বসন্ত কোনো বয়স মানে না, তাই এখানে চলে এসেছি।’
জেনারেল মঞ্জুর হত্যা মামলার প্রতি ইঙ্গিত করে এরশাদ বলেন, ‘আমার মাথা থেকে কখনো মামলা সরবে না। একটার পর একটা মামলা হচ্ছে। এক মামলায় ২১ বার বিচারক পরিবর্তন করা হয়েছে। এখন শুনছি, আবার ওই মামলার শুনানি হবে। অনেক আশা নিয়ে রাজনীতিতে এসেছিলাম। এখন ভাবি, ভুল করেছিলাম।’
সুনামগঞ্জের প্রবীণ আইনজীবী ও লেখক আবু আলী সাজ্জাদ হোসাইনের সভাপতিত্বে উৎসবের আলোচনা পর্বে আরও বক্তব্য দেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ, সাবেক সাংসদ গোলাম মাওলা রনি প্রমুখ। স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠন ‘আড্ডা’র প্রতিষ্ঠাতা সভাপতি দেওয়ান সাজাউর রাজা চৌধুরী। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।