মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে তিন শতাধিক নারী-পুরুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি বৃদ্ধ মানুষ। আমাকে মারধর করে ঘর থেকে বের করে দিয়েছে। ভাঙচুর করে ঘরের সব জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। ভয়ে পরিবারের সবাই পালিয়ে আছে। আমি ভাঙা ঘরের এক কোণে পড়ে আছি। ঠিকমতো খেতে পাই না। ওরা আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ভয় দেখায়। আমি এ বয়সে কোথায় যাব।’কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার উত্তর মিছির মোল্লাপাড়া গ্রামের জীবননেছা (১১০)। আওয়ামী লীগের নেতা সামাদ দেওয়ান হত্যাকাণ্ডের পর তাঁর মতো এ গ্রামের ১০টি বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের হামলা ও মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছে গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ।পুলিশ সূত্রে জানা যায়, কোদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও স্থানীয় বাজারের ব্যবসায়ী সামাদ দেওয়ান মরিচ কেনার জন্য গত ৪ এপ্রিল সকালে উত্তর মিছির মোল্লাপাড়া গ্রামে যান। এ সময় বিবদমান মরু মোল্লা ও আজিজুল গাজী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তিনি উভয় পক্ষকে শান্ত করার জন্য এগিয়ে গেলে পেছন থেকে তাঁর ওপর হামলা চালানো হয়। পরে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে নয়জনকে গ্রেপ্তার করে। সামাদ দেওয়ানের ছেলে আহসান উল্লাহ ঘটনার দিন রাতে ওই নয়জনসহ ৫৬ জনকে আসামি করে গোসাইরহাট থানায় হত্যা মামলা করেন। এতে ঘটনার পরিকল্পনাকারী হিসেবে কোদালুপর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমানের নাম উল্লেখ করা হয়। কিন্তু পরে গোসাইরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল হাসনাত খান মিজানুর রহমানকে আসামি করার জন্য লিখিত নির্দেশ দেন।গ্রামবাসী জানান, সামাদ দেওয়ানের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মরু মোল্লা ও দেলু মোল্লার সমর্থকেরা প্রতিপক্ষের ১০টি বাড়িতে ভাঙচুর চালিয়ে লুটপাট করে। ক্ষতিগ্রস্তরা মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ৮ এপ্রিল আদালতে মামলা করেন সাইদুর রহমান মালের স্ত্রী রাহিলা বেগম ও ছায়েদ মালের স্ত্রী রুছিয়া বেগম। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি)।গোসাইরহাট থানার ওসি একরাম আলী মোল্লা দাবি করেন, ওই এলাকায় কোনো লুট ও ভাঙচুরের ঘটনা ঘটেনি। আসামিপক্ষ বিশেষ সুবিধা নেওয়ার জন্য মিথ্যা মামলা করেছে। মামলা দুটি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।গত শনিবার উত্তর মিছির মোল্লাপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, অধিকাংশ ঘরবাড়ি ভাঙচুর করা। অনেক বাড়িতে কোনো মানুষ নেই। বাড়ি পাহারা দেওয়ার জন্য দু-একটি বাড়িতে নারীরা থাকলেও প্রতিপক্ষের ভয়ে ঘর থেকে বের হন না। বাড়ির পাশের জমি থেকে ফসল কেটে নেওয়া হয়েছে। গ্রামের গৃহবধূ সালমা বেগম বলেন, ‘আমার শ্বশুর হাবিব মালকে আসামি করা হয়েছে। হামলা ও মামলার ভয়ে আমার স্বামী ও দেবর পালিয়ে বেড়াচ্ছে।’ তাঁদের বাড়িতেও লুটপাট হয়েছে। এ প্রতিবেদকের উপস্থিতি টের পেয়ে মরু মোল্লার ভাই দেলু মোল্লা তাঁর সমর্থকদের নিয়ে বাড়ি ঘিরে রাখেন।বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগের বিষয়ে দেলু মোল্লা বলেন, ‘তারা আমাদের সমর্থক সামাদ দেওয়ানকে হত্যা করেছে। মামলা থেকে বাঁচতে এখন লুটের নাটক সাজিয়েছে। আমরা কারও ঘরে লুট করিনি।’ মামলার বাদী আহসান উল্লাহ জানান, হত্যাকাণ্ডের পর সেখানে লুটপাট হয়েছে কি না, তা তাঁর জানা নেই।চেয়ারম্যান মিজানুর রহমান জানান, সামাদ দেওয়ান মরিচ কিনতে গিয়ে ওই গ্রামে ঝগড়ার মধ্যে পড়েন। তাদের শান্ত করতে গিয়ে হামলার শিকার হয়ে তিনি মারা যান। তিনি ঘটনার সময় ঢাকায় সাংসদ নাহিম রাজ্জাকের বাসায় ইউপির কয়েকটি প্রকল্পের বিষয়ে আলোচনা করছিলেন। উদ্দেশ্যমূলকভাবে পরিষদের তিনজন সদস্য ও দুজন নারী সদস্যের স্বামীকে মামলার আসামি করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার জন্য পুলিশকে অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) আবুল হাসনাত খান প্রথম আলোকে জানান, এজাহারের বক্তব্য অনুযায়ী চেয়ারম্যানকে আসামি হিসেবে গণ্য করে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে লুটের দুটি মামলা হওয়ার কথা তিনি শুনেছেন। তা-ও তদন্ত করার নির্দেশ দিয়েছেন।