স্বাধীনতা দিবসের নিমন্ত্রণপত্রে বিকৃত করে বঙ্গবন্ধুর ছবি ছাপানোর অভিযোগে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজী তারিক সালমানের বিরুদ্ধে করা মানহানির মামলার যৌক্তিকতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। ছবিটি পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিশুর আঁকা।
নিমন্ত্রণপত্রে ছাপানো ছবিটি গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এ নিয়ে ফেসবুকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। দেশের কয়েকজন চিত্র ও ভাস্কর গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেছেন, শিশুর আঁকা ছবিটি কোনোভাবেই বিকৃত কিছু নয়।
তারিক সালমান বরিশালের আগৈলঝাড়ার ইউএনও থাকার সময় গত স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে ছাপানো নিমন্ত্রণপত্রে ওই ছবিটি ব্যবহার করা হয়। এ ঘটনায় বরিশাল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়েদুল্লাহ গত ৭ জুন বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতে পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন। মামলাটি আমলে নিয়ে বিচারক ২৭ জুলাইয়ের মধ্যে তারিক সালমানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। গত জুনের প্রথম সপ্তাহে তারিক সালমানকে বরগুনা সদর উপজেলায় বদলি করা হয়। গত বুধবার ওই মামলায় আদালতে হাজিরা দিয়ে জামিনের আবেদন করেন তারিক সালমান। আদালত প্রথমে তা নামঞ্জুর করেন। দুই ঘণ্টা পর জামিন মঞ্জুর করা হয়।
তারিক সালমানের আইনজীবী মো. মোকলেছুর রহমান বলেন, বেলা ১১টায় আদালত জামিনের জন্য দাখিল করা প্রমাণপত্রের মূল কপি দেখতে চান। তা না থাকায় আদালত জামিন নামঞ্জুর করেন। মূল কাগজপত্রসহ আবার আবেদন করলে আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
ইউএনও তারিক সালমান বলেন, তিনি আগৈলঝাড়ার ইউএনও থাকাকালে গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেন। এ প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীর ছবি ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রশাসনের আমন্ত্রণপত্রে ছাপা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে একটি ছবি ছিল বঙ্গবন্ধুর। সেই ছবিটি স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে ছাপানো হয়।
মামলাটির বাদী সৈয়দ ওবায়েদুল্লাহ বলেন, ‘মামলায় তারিক সালমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে আমাদের অনুপস্থিতিতে কীভাবে তাঁর জামিন মঞ্জুর হলো তা জানি না।’
এ বিষয়ে বরিশাল জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মোকলেছুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ছবির ইস্যু তুলে মামলা করা হয়েছে। কিন্তু এটা কোনো মামলাই নয়। এটা হয়রানি ছাড়া আর কিছু নয়। এ ধরনের মামলা জামিনযোগ্য।
ইউএনওর বিরুদ্ধে ওই মামলা, জামিন নামঞ্জুর ও পরে জামিন হওয়ার বিষয়টি নিয়ে ফেসবুকেও ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। অনেকে মামলাটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন।
মঈন ফারুক নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘আমরা কী বাচ্চাদের বঙ্গবন্ধুর ছবি আঁকতে নিষেধ করব?’
আবদুস সোবহান নামের একজন লিখেছেন, ‘এসব দলদাস, দলকানাদের জন্য আমাদের অনেক অর্জন ম্লান হয়ে যায়।’
জানতে চাইলে চিত্র ও প্রচ্ছদশিল্পী সমর মজুমদার গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমি ছবিটা দেখেছি। এতে বঙ্গবন্ধুকে অপমান করে কিছু দেখানো হয়নি বরং বঙ্গবন্ধুকে বড় ও মহান করে দেখিয়েছে। এটা ফটোগ্রাফ না যে এতে ব্যক্তির প্রতিকৃতি অবিকল হবে। রবীন্দ্রনাথের অনেক স্কেচ আছে, সেখানে অবিকল রবীন্দ্রনাথের অবয়ব ফুটে ওঠেনি। পেইন্টিংয়ের মূল কথা হলো ব্যক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা। বিশেষ করে একটা বাচ্চা তার অন্তর থেকে ছবিটা এঁকেছে। আমার কাছে ছবিটি খুব ভালো লেগেছে। আরও ভালো লেগেছে ছবিটি একটা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়েছে। এটা নিয়ে মামলা করাটা দুঃখজনক ও নজিরবিহীন।’