জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় না হওয়াকে ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার৷
নিজামীর মামলার রায়ের তারিখ ধার্য করার পর গতকাল মঙ্গলবার সকাল থেকে তাঁর সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠন শাহবাগে পৃথকভাবে অবস্থান নেয়৷ ইমরান এইচ সরকারের নেতৃত্বে গণজাগরণ মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগের পূর্ব পাশে, কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে ইমরানবিরোধী অংশ উত্তর পাশে অবস্থান নেয়৷ এ ছাড়া বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসুর নেতৃত্বে গণজাগরণ মঞ্চে প্রথম থেকে সক্রিয় ও পরে সংবাদ সম্মেলন করে ইমরানের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসংগঠনগুলো ‘শাহবাগ আন্দোলন’ ব্যানার নিয়ে জাদুঘরের ফটকে অবস্থান নেয়৷ ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের (বোয়ান) একাংশের নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে ছিলেন৷ এ সময় তাঁরা নিজামীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন৷
নিজামীর ‘অসুস্থতার কারণে’ ট্রাইব্যুনালে হাজির হতে না পারা ও মামলার রায় ফের অপেক্ষমাণ রাখার খবর দুপুরে শাহবাগে পৌঁছালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান সবাই৷ এ সময় ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘প্রতিিট রায়কে কেন্দ্র করে জামায়াত-শিবিরের প্রস্তুতি থাকে৷ কিন্তু তাদের আমির নিজামীর রায়ের দিন তারা নিশ্চুপ ছিল৷ জামায়াতের প্রতিক্রিয়া থেকেও একটা আশঙ্কা ছিল যে আজকে রায় হবে কি হবে না, সেই আশঙ্কাই বাস্তবায়িত হলো৷’
ইমরান এইচ সরকার আরও বলেন, বিচারকে দীর্ঘসূত্রতায় ফেলে দেওয়ার জন্য চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে এবং নতুন অপকৌশলের আশ্রয় নেওয়া হচ্ছে৷
কামাল পাশা চৌধুরী বলেন, ‘রায় বিলম্বিত করতে নিজামী অসুস্থতাকে কৌশল হিসেবে ব্যবহার করেছে৷’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করি না সরকার কোনো ষড়যন্ত্র বা অপকৌশল করছে৷’
বাপ্পাদিত্য বসু বলেন, ‘অসুস্থতার কথা বলে বিচার নিয়ে একধরনের টালবাহানা ও নাটক করা হচ্ছে৷ রায় নিয়ে দীর্ঘসূত্রতা গণজাগরণ মঞ্চ মেনে নেবে না৷ এটা মুক্তিযুদ্ধবিরোধী পক্ষের আরেকটি নতুন ষড়যন্ত্র৷’
রায় না হওয়ার প্রতিবাদে গতকাল দুপুর ও সন্ধ্যায় পৃথকভাবে কয়েক দফা বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও কুশপুত্তলিকা দাহ করা হয়।