বসুন্ধরা গ্রুপের কর্মকর্তা হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলায় গতকাল বুধবার যুক্তিতর্ক শুনানি শেষে ১৫ ডিসেম্বর রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মোতাহার হোসেন এ তারিখ নির্ধারণ করেন। একই সঙ্গে আদালত উপস্থিত আসামি সামসুদ্দিন আহমেদ ও খায়রুল হাসান ওরফে উজ্জলের জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।এ মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান শাহ আলমের ছেলে সাফায়াত সোবহান সানবীরসহ তিন আসামি পলাতক। সানবীরকে গ্রেপ্তারের জন্য ‘রেড নোটিশ’ জারি করা হয়। পলাতক অন্য দুই আসামি হলেন, হুমায়ুন কবির ও নূরে আলম। গতকাল এ মামলায় যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি এস এম রফিকুল ইসলাম আদালতকে বলেন, এই মামলায় নিহত সাব্বিরের ভগ্নিপতি এস এম আসিফ, বাবা ও বোন সমর্থক সাক্ষ্য দিয়েছেন। রাষ্ট্রপক্ষ মোট ৩০ জন সাক্ষী উপস্থাপন করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হয়েছে যে, আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পিতভাবে সাব্বিরকে খুন করেন। খুনের ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আসামিরা তথ্য গোপন করে একে দুর্ঘটনা হিসেবে প্রচার করেন।রফিকুল ইসলাম আদালতে বলেন, সাদিয়া আখতার ওরফে রাত্রি ও পাপিয়া গাইন ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন। ২০০৭ সালের ১৭ এপ্রিল মহানগর হাকিম সেলিনা আখতারের কাছে খুনের ঘটনা বর্ণনা করে তাঁরা জবানবন্দি দেন। পরে আদালতে এই হাকিমকে সাক্ষী হিসেবে উপস্থাপন করা হলে তিনি পাপিয়া ও রাত্রির জবানবন্দি ও স্বাক্ষর শনাক্ত করেন।রফিকুল ইসলাম খুনের কারণ (মোটিভ) সম্পর্কে বলেন, ব্যবসায়িক ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সাব্বিরকে ষড়যন্ত্রমূলকভাবে আসামিরা খুন করেন। এই মামলায় ঘটনার প্রত্যক্ষদর্শী পাপিয়া ও রাত্রি। তাঁরা খুনের ঘটনার পারিপার্শ্বিকতা বর্ণনা করে জবানবন্দি দেন। তিনি আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।আসামিপক্ষে যুক্তিতর্ক শুনানি করেন আইনজীবী টি এম আকবর। তিনি আদালতকে বলেন, রাষ্ট্রপক্ষ পাঁচজন আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছেন। পলাতক আসামি সানবীরের পক্ষে শুনানিতে অংশ নিয়ে গাজী শাহ আলম আদালতকে বলেন, ‘আর্থিক লেনদেনসংক্রান্ত কোনো কাগজপত্র মামলায় জব্দ করা হয়নি। সাব্বিরকে সানবীর মোবাইল ফোনে ডেকেছিল, কিন্তু সেই কললিস্টও নাই। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।’ আসামিপক্ষের শুনানিতে আরও অংশ নেন আইনজীবী মাহবুব আহমেদ এবং এ এফ এম আবদুল ওয়াদুদ ভূঁইয়া। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি লিখিত যুক্তিতর্ক ও আইনি বিষয়ে শুনানির জন্য আরেকটি তারিখ নির্ধারণ করতে মৌখিক আবেদন জানান। আদালত পরে লিখিত আকারে তা দাখিলের কথা বলে রায়ের তারিখ ধার্য করেন।