মামলার রায়ে খুশি স্বজনেরা, দ্রুত কার্যকরের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলার রায় ঘোষণার পর আসািমদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে l প্রথম আলো
রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হত্যা মামলার রায় ঘোষণার পর আসািমদের কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে l প্রথম আলো

রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলায় স্বজন হারানোর ১৩ বছর পর বিচারের রায় পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের নিহত ব্যক্তিদের পরিবার ও এলাকাবাসী। এখন তাঁদের দাবি, এই রায় দ্রুত কার্যকর করা হোক৷
২০০১ সালের ১৪ এপ্রিল পয়লা বৈশাখে রমনা বটমূলে বোমা হামলায় ১০ জন নিহত হন৷ তাঁদের মধ্যে কাছিপাড়ার গাজীবাড়িরই তিনজন ছিলেন। তাঁরা হলেন আল-মামুন, রিয়াজুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসী৷ তাঁরা চাচাতো ভাইবোন।
ওই বোমা হামলার ঘটনায় করা হত্যা মামলার রায়ে গতকাল সোমবার মুফতি হান্নানসহ আটজনের ফাঁসি ও ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ।
নিহত আল-মামুনের বৃদ্ধ মা নূরজাহান বেগম (৭০) ও বাবা কাসেম গাজী (৮০) সন্তানের হত্যাকারীদের বিচারের রায় শোনার জন্য টেলিভিশনের সামনে অধীর আগ্রহে বসেছিলেন। অপেক্ষা করছিলেন রিয়াজুল ও জান্নাতুল ফেরদৌসীর স্বজনেরাও। রায় শোনার পর কেঁদে ফেলেন তাঁরা৷ ছুটে যান সন্তানের কবরের পাশে। দুই হাত তুলে সৃষ্টিকর্তার কাছে রায়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এলাকার লোকজনও কবরের পাশে গিয়ে মোনাজাত করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে কাসেম গাজী বলেন, ‘এখন প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি, কবরে যাওয়ার আগে যেন এই রায় কার্যকর দেখে যেতে পারি।’
আল-মামুনের বড় ভাই মো. মাসুদ বলেন, ‘বোমা হামলার পর সরকারের পক্ষ থেকে যে সহায়তা দেওয়ার কথা, তা আমরা পাইনি। আমাদের বাড়ির তিনজনকে হারালাম। তাঁদের কবরের ইট-খোয়াও ধসে পড়তে শুরু করেছে। আমাদের দেখার কেউ নেই। তার পরও একটু শান্তি পাব যদি রায় দ্রুত কার্যকর হয়।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি নিহত তিনজনের স্মৃতি রক্ষায় কাছিপাড়া বাজারে কিংবা পরিবারের জায়গায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে দিতে সরকারের প্রতি দাবি জানান।
জসিমের মায়ের আকুতি: একই হামলায় নিহত হন তৎকালীন জগন্নাথ কলেজের ইসলামের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জসিম উদ্দিন। জসিমের বাড়ি বরগুনার বামনা উপজেলার দক্ষিণ ডৌয়াতলা গ্রামে। দরিদ্র বাবার সন্তান জসিম পারিবারিক চরম অনটনের মধ্যেও উচ্চশিক্ষার জন্য ঢাকার জগন্নাথ কলেজে ভর্তি হন। কিন্তু বোমা হামলায় তাঁর নির্মম মৃত্যুর মধ্য দিয়ে পুরো পরিবারের সেই স্বপ্ন ফিকে করে দেয়।
জসিমের বাবা এনায়েত হোসেন ২০০৩ সালে মারা গেছেন৷ গতকাল রায় ঘোষণার কথা বিভিন্ন গণমাধ্যমের খবরে জানতে পারেন তাঁর মা মমতাজ বেগম। রায়ে সন্তোষ প্রকাশ করে মমতাজ বেগম বলেন, আর যেন কোনো ছেলেকে এভাবে অকালে জীবন দিতে না হয়; কোনো বাবা-মায়ের বুক এভাবে খালি না হয়৷